ফরিদপুরে শিশু অপহরণের পর হত্যায় একজনের মৃত্যুদণ্ড
২০১৯ সালে অপহরণের পর আবু বক্করের বাবার কাছে মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা দাবি করেন আসামিরা।
ফরিদপুরে আট বছরের শিশুকে অপহরণের পর হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) স্বপন পাল জানান।
মৃত্যুদণ্ড প্রাপ্ত মো. জিন্দার খলিফা নগরকান্দা উপজেলার মেহেরদিয়া গ্রামের বাসিন্দা। যাবজ্জীবন দণ্ডিত মাহাবুল শেখ ওই এলাকার বাসিন্দা।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ১ জুলাই বিকালে নগরকান্দা উপজেলার মেহেরদিয়া গ্রামের পাচু খলিফার শিশু ছেলে আবু বক্কর পুড়া পাড়া বাজারে যায়। বাজার থেকে ওই শিশুকে অপহরণ করে মাহাবুল শেখ তার ইজিবাইকে তুলে নিয়ে যায়।
পরে মোবাইল ফোনে জিন্দার খলিফা ও মাহাবুল ওই শিশুর বাবার কাছে মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা দাবি করেন।
মুক্তিপণ না দেওয়ায় শিশু আবু বক্করকে হত্যা করে একটি খালের কচুরিপানার মধ্যে ঢেকে রাখে আসামিরা। এ ঘটনায় নিহত শিশুর বাবা নগরকান্দা থানায় মামলা করেন।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দিল।
