ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৩ নারীর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৩২৬ জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৭০ জনে।
শনিবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক এ তথ্য জানান।
মৃতরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার চরকুমারিয়া গ্রামের ঋতু (২০), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বন্যতৈল গ্রামের করুনা বসু (৫০) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের সালমা বেগম (৬৮)।
হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন নারী মারা যান।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ৭৫ রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই হাসপাতালে ৩৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৩২৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৮৩৫ রোগী চিকিৎসাধীন রয়েছেন ।
চলতি বছরে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ১৪৫ জন; এর মধ্যে ১৩ হাজার ৪২০ জন রোগী সুস্থ হয়েছেন বলে জানান তিনি।
