বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ৮ যাত্রী
ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে নওগাঁগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
বগুড়ার আদমদীঘি উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন বাসের আট যাত্রী।
মঙ্গলবার সকাল ৬টায় নওগাঁ-বগুড়া সড়কে উপজেলার হাসপাতাল গেইটের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী।
নিহত ট্রাকচালক ইমরান হোসেন নওগাঁর মান্দা উপজেলার কুনইল গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- তানু হোসেন, মো. নাঈম হোসেন, মো. রেজাউল ইসলাম। তাৎক্ষণিক বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি রাজেশ বলেন, সকালে ঢাকাগামী শাহ্ ফতেহ্ আলী পরিবহনের একটি বাসের সঙ্গে নওগাঁগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের আট যাত্রী এবং ট্রাকচালক আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ট্রাক চালককে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি রাজেশ।
