২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত দুই, আহত ৪

পুলিশ জানায়, অটোরিকশাটি একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2023, 10:36 PM

Updated : 30 Mar 2023, 10:42 PM

নরসিংদীর ঘোড়াশালে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী আহত হন।

বৃহস্পতিবার বিকালে জেলার পাঁচদোনা-টঙ্গী সড়কের টান ঘোড়াশালে এ ঘটনা ঘটে বলে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান। 

নিহতরা হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সুরেন্দ্র নাথের ছেলে অটোরিকশাযাত্রী পঙ্কজ (৪০) এবং আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারী।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচদোনা থেকে যাত্রী নিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পথের টান ঘোড়াশাল এলাকায় অটোরিকশাটি আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পঙ্কজ নিহত হন। গুরুতর আহত হন দুই নারীসহ অটোরিকশার আরও চার যাত্রী। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান এক নারীর মৃত্যু হয়।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পঙ্কজের লাশ উদ্ধার করে পলাশ থানায় নেয়। হাসপাতালে মারা যাওয়া নারী নাম-পরিচয় জানার চেষ্‌টা চলছে।

অন্য আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে বলে জানান ওসি ইলিয়াছ।