২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘মিছিলের প্রস্তুতি’: নওগাঁয় আওয়ামী লীগ বলে ১১ জনকে পুলিশে দিল ছাত্রদল

আটকরা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 09:04 PM

Updated : 26 Sep 2026, 09:15 PM

নওগাঁয় মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয়ে ১১ জনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল।

শনিবার দুপুরের দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হাসিবুল্লাহ হাবিব জানান।

আটকরা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বাসিন্দা।

নওগাঁ জেলা ছাত্রদলের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ বলেন, “ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে জড়ো হচ্ছে জানতে পেরে বলিহার ব্রিজ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেয়। পরবর্তীতে মিছিলের চেষ্টাকালে ১১ জনকে আটক করে ডিবি পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”

ডিবির ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, “খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ জনকে আটক করে নিয়ে আসা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার কোনো পরিকল্পনা আছে কিনা তা জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, বিষয়টি তার জানা নেই।