২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ গেল ৩ জনের প্রাণ

এ ঘটনায় আরও চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ গেল ৩ জনের প্রাণ

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2023, 10:50 AM

Updated : 13 Mar 2023, 10:50 AM

বগুড়ার নন্দীগ্রামে পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

সোমবার সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে কুন্দারহাট হাইওয়ে থানার এসআই আবুল হাসান জানান।

নিহতরা হলেন- জেলার নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের প্রয়াত আবু তালেবের ছেলে ও অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫), একই উপজেলার ওমরপুর গ্রামের তানসেন আলীর তিন বছর বয়সী ছেলে, অটোরিকশা যাত্রী আব্দুল আলিম এবং নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে, রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)।

স্থানীয়দের বরাতে এসআই আবুল হাসান জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। এ সময় ওই মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে নাটোরগামী একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে এর চালক ও শিশুসহ তিনজন মারা যান।

ফায়ার সার্ভিসের সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন; যাদের মধ্যে আছেন পিকআপের চালক ও তার সহকারী।

অটোরিকশা ও পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে আছে বলে এসআই আবুল হাসান জানান।