২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে মিঠা পানিতে চাষ হচ্ছে অ্যাকুরিয়ামের ‘বাহারি মাছ’

জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, এতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।

একেএম আহসান হাবীব সরকার

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 12:12 PM

Updated : 13 Jul 2023, 04:28 PM

কুড়িগ্রামে এই প্রথম মিঠা পানিতে চাষ হচ্ছে অ্যাকুরিয়ামের বাহারি রঙের মাছ।

পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা আরডিআরএস জেলার রাজারহাট ও সদর উপজেলায় পরীক্ষামূলক রঙিন মাছ চাষে সাফল্য পাওয়ায় সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা।

অ্যাকুরিয়াম হচ্ছে এমন ধরনের চারদিকে কাচ দিয়ে ঘেরা জলধারণ ক্ষমতাসম্পন্ন একটি পাত্র, যেখানে বাহারি ধরনের রঙিন মাছ ও উদ্ভিদ রাখা সম্ভব। অ্যাকুরিয়াম কেবল শখ কিংবা শোভাবর্ধনকারী নয়, এর বাণিজ্যিক গুরুত্বও রয়েছে।

সরেজমিনে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের উত্তর প্রতাপ গ্রামের খলিলুর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি ৪ শতক জমিতে চারটি আলাদা পুকুরে চাষ করছেন ১০ ধরনের বাহারি রঙের ডিমওয়ালা মা মাছ।

গত ১৪ মে পুকুরে মা মাছ ছেড়েছিলেন জানিয়ে খলিলুর রহমান বলেন, “আরডিআরএস’র মাধ্যমে খুলনা ও যশোর থেকে আমাকে ৪০০ পিচ ডিমওয়ালা মা মাছ সরবরাহ করা হয়। এজন্য আমাকে দুই দিনের বাহারি রঙিন মা মাছ চাষের ওপর প্রশিক্ষণ দেওয়া করা হয়। ৪০০ মা মাছ কিনতে খরচ পরেছে ৮ হাজার ৫০০ টাকা।

“ফেন্সিং নেট দিতে ২ হাজার টাকা। এছাড়া ট্রেনিং, সাইনবোর্ড ও এক বস্তা ফিড কিনতে খরচ হয়েছে সাড়ে ৪ হাজার টাকা।”

পুকুরে ১০ প্রকারের মা মাছ ছেড়েছেন জানিয়ে খলিল বলেন, “এখন পর্যন্ত ৬ প্রকার মা মাছ প্রায় ২ হাজার রেণু দিয়েছে। বাকিগুলো থেকেও আশা করছি। এতে আমি প্রথম দফায় ৪০ হাজার টাকার পোনা মাছ বিক্রি করতে পারবো বলে আশা করছি।”

আরডিআরএস রাজারহাটের টেকনিক্যাল অফিসার (ফিসারিজ) মোজাম্মেল হক জানান, কুড়িগ্রাম জেলায় এই প্রথম নতুন কার্যক্রম ও উদ্যোক্তা তৈরিতে বাহারি মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।

“আমরা রাজারহাট, কুড়িগ্রাম ও রংপুরে বাজারজাতকরণেরও ব্যবস্থা করেছি। দুজন চাষিকে এখন পর্যন্ত ১২ প্রকার মাছ সরবরাহ করা হয়েছে।”

মাছগুলো হচ্ছে: গাপ্পী, মলি, সরটেইল, প্লাটি, গোল্ড ফিস, কৈ কার্প, কমেট, গোড়ামি, খলিষা, ব্লাকমোড়, টেট্টাবার্গ ও টাইগার বার্গ।

“তিনমাস পরপর এই মা মাছগুলো থেকে রেণু ফুটবে; তারা প্রতিনিয়ত মাছগুলো বিক্রি করে চাষিরা লাভবান হতে পারবেন,” দাবি মোজাম্মেল হকের।

জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায় বলেন, “কুড়িগ্রামে নতুন প্রযুক্তিতে বাহারি মাছ চাষের প্রচলন শুরু হয়েছে। এতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই বাহারি মাছ অ্যাকুরিয়ামে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন পরিবেশে শোভাবর্ধন করছে।”

এই মাছ চাষের মাধ্যমে জেলায় নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলেও তিনি মনে করেন।