২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সড়কে পড়েছিল বিকাশ এজেন্টসহ ২ জনের লাশ

তবে টাকা লুট হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 11:45 AM

Updated : 20 Jul 2023, 11:45 AM

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় রাস্তা থেকে বিকাশ এজেন্টসহ দুজনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলা বাজার এলাকায় সড়কে তাদের লাশ পাওয়া যায় বলে সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ৩৫ বছর বয়সি ছেলে বিকাশ এজেন্ট শাহজালাল মিয়া এবং একই গ্রামের নবু মিয়ার ৫০ বছর বয়সি ছেলে মজনু মিয়া।

শাহজালালের বাবা আবুল হোসেন বলেন, “আমার ছেলে বুধবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে উপজেলার হামিদপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। এ সময় তার সঙ্গে পাশের বাড়ির মজনুও ছিল। পথে কে বা কারা দুজনকে কুপিয়ে হত্যা করে লাশ সড়কে ফেলে যায়। সকালে আমরা বিষয়টি জানতে পারি।”

স্থানীয় ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সামাদ বলেন, “রক্তাক্ত  অবস্থায় তাদের লাশ পাওয়া গেছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মোটরসাইকেলটি ঘটনাস্থলেই আছে।”

তবে টাকা লুট হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন,  নিহতদের বাড়ির কাছাকাছি লাশ দুটো পাওয়া গেছে। 

ওসি রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।