২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বিদায়ে সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার খুনিদের গ্রেপ্তারের দাবি

গত ২৯ সেপ্টেম্বর দুর্বৃত্তদের হামলায় আহত সুব্রত সাংমা চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান।

শেষ বিদায়ে সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার খুনিদের গ্রেপ্তারের দাবি

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমাকে শেষ বিদায় জানান আওয়ামী লীগ নেতারা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 12:19 AM

Updated : 10 Oct 2022, 12:19 AM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমাকে শেষ বিদায় জানাতে গিয়ে আওয়ামী লীগ নেতারা দ্রুত তার ওপর হামলাকারী খুনিদের গ্রেপ্তারে দাবি জানিয়েছেন।

রোববার দুপুরে উপজেলার রাশিমনি স্মৃতিসৌধ চত্বরে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শ্রদ্ধা নিবেদন শেষে বহেরাতলী গ্রামে তাকে সমাহিত করা হয়।

এ সময় বক্তব্য দেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জুয়েল আরেং, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, সাবেক পৌর মেয়র কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদস্য বিপ্লব মজুমদার, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, যুবলীগ নেতা ফারুক বাবু।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং বলেন, “অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসনকে তৎপর হতে হবে। যদি পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে না পারে আমরা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের সব নেতাকর্মী রাজপথে নামব।”

Image

হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা।

২৯ সেপ্টেম্বর বিকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে দুর্বৃত্তরা সুব্রত সাংমার ওপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

হামলার ঘটনায় ৩০ সেপ্টেম্বর সুব্রত সাংমার বোন কেয়া তজু বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা করেন। এখন সেটিই হত্যা মামলায় রূপান্তর করা হবে বলে পুলিশ জানায়।

মামলায় দুর্গাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল, ভাই শামিম আহমেদ, বদিউজ্জামানসহ ১৫ জন আসামির নাম উল্লেখ করা হয়। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ হত্যার প্রতিবাদে সুব্রত সাংমার সমর্থকরা শনিবার দিনব্যাপী দফায় দফায় উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও পথসভা করে।

আরও পড়ুন: 

পুরনো খবর:

হামলায় আহত নেত্রকোণার সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু