নাটোরে স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হত্যাকাণ্ডের তিন বছর পর বেলালকে গ্রেপ্তার করা হয়।
নাটোরের গুরুদাসপুর উপজেলা থেকে স্ত্রী হত্যা মামলায় পলাতক আসামি এক ব্যক্তিকে তিন বছর পর গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খামার পাথুরিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান।
গ্রেপ্তার মো. বেলাল হোসেন (৩৫) নাটোরের বড়াইগ্রাম উপজেলার নওদা জোয়ারি এলাকার বাসিন্দা।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, বেলাল বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৯ সালের ৩১ মার্চ ভোরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। পরিবারের সদস্যরা এসে, মৃতদেহের জিহ্বা বের হওয়া অবস্থায় দেখতে পান। এ সময় বেলাল দ্রুত স্ত্রীকে দাফন করে ফেলেন। পরে তিনি পালিয়ে যান। তাদের দুই কন্যাসন্তান রয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেন। মামলাটি পিবিআই তদন্ত করছে। আসামিকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, “সংসারের সচ্চলতা ফেরাতে স্ত্রী একটি বেসরকারি সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে বেলালকে মাছের ব্যবসা করতে দিয়েছিলেন।“
