২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে মাদ্রাসার ২ ছাত্রকে ধর্ষণের অভিযোগ, আটক শিক্ষক

ঘটনাটি জানাজানি হলে ওই শিক্ষককে আটকে বিচার দাবি করেন স্থানীয়রা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2025, 09:25 AM

Updated : 26 Aug 2026, 12:02 PM

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একটি মাদ্রাসার দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগে তাদের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।  

সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের রওদাতুল আত্ফাল মাদ্রাসায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি জানাজানি হলে ওই শিক্ষককে আটকে বিচার দাবি করেন স্থানীয়রা।  

খবর পেয়ে রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষক বজলুর রহমানকে আটক করে বলে সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া জানান।

৩০ বছর বয়সী বজলুর সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও রওদাতুল আত্ফাল মাদ্রাসার সহকারী শিক্ষক।

ভুক্তভোগী ছাত্রদের একজনের মা সাংবাদিকদের বলেন, তার দশ বছরের বাচ্চাকে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিল ওই শিক্ষক। শনিবার ছেলে ঘটনাটি প্রকাশ করে। চিকিৎসার জন্য তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য এক ভুক্তভোগীর মা বলেন, তার নয় বছরের ছেলেকে মাদ্রাসার ওই শিক্ষক চারমাস ধরে ধর্ষণ করে আসছিল। তিনি এর বিচার চান।

ওসি চাঁদ মিয়া বলছেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন তারা।

এ ঘটনায় আটক শিক্ষকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।