১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটের বাউরা স্টেশনে যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

এ সময় স্টেশন মাস্টার, টিটি ও পরিচালককে অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2024, 12:05 AM

Updated : 10 Sep 2026, 12:16 PM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা রেল স্টেশনে আন্তঃনগর ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় স্টেশন মাস্টার, টিটি ও পরিচালককে অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা।

মঙ্গলবার বিকালে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও সাধারণ জনতা। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।

দুপুরে লালমনিরহাট থেকে বুড়িমারীর উদ্দেশে ছেড়ে আসা করতোয়া আন্তঃনগর ট্রেনটি বিকালে বাউরা স্টেশনে পৌঁছলে সেটি আটকে দেয় আন্দোলনকারীরা।

আন্দোলকারীদের মধ্যে আজিজ উদ্দিন জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। রাত সোয়া ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি স্টেশনে আটকা আছে।

আন্দোলনকারী শিক্ষার্থী রুশো বসুনিয়া বলেন, “পার্শ্ববর্তী স্টেশন ‘সি গ্রেড’ সেখানে যাত্রাবিরতি দেয় অথচ বাউরা স্টেশনটি ‘বি গ্রেডের’ কিন্তু এখানে ট্রেনটির যাত্রাবিরতি নেই। আমরা এখানেও যাত্রাবিরতির দাবি করছি।”

রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার আব্দুস সালাম।