মাগুরায় আবাসিক হোটেল থেকে একজনের লাশ উদ্ধার
পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তাকে বিছানায় মৃত অবস্থায় পায়।
মাগুরায় একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শহরের ঢাকারোড বাসস্ট্যান্ড এলাকার সৈকত হোটেলে একটি কক্ষে মরদেহটি পাওয়া যায় বলে মাগুরা সদর থানার ওসি সেকেন্দার আলী জানান।
নিহত বোরহান উদ্দিন (৪৭) রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা। তিনি বেসরকারি কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ওসি বলেন, সোমবার রাত ১০ টার দিকে কোম্পানির কাজে মাগুরায় এসে সৈকত হোটেল একটি কক্ষ ভাড়ায় নেন তিনি। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তার স্ত্রী তাকে ফোনে না পেয়ে হোটেলের ব্যবস্থাপককে ফোন দেন।
তিনি আরও বলেন, এ সময় ব্যবস্থাপক খবর দিলে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে তাকে বিছানায় মৃত অবস্থায় পায়।
এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে; এ ছাড়া এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
