২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিলেটে যানবাহন ভাঙচুরের মামলায় বাসদের ২ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের আগে তারা ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে ডাকা সমাবেশ উপস্থিত ছিলেন।

সিলেটে যানবাহন ভাঙচুরের মামলায় বাসদের ২ নেতা গ্রেপ্তার
বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর এবং সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 08:41 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ মিছিল থেকে যানবাহন ভাঙচুরের ঘটনায় করা আলাদা দুটি মামলায় বাসদের দুই নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুরের দিকে নগরের আম্বরখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম। 

গ্রেপ্তাররা হলেন- বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর এবং সদস্যসচিব প্রণব জ্যোতি পাল।

পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বুধবার ও বৃহস্পতিবার নগরের মেন্দিবাগ এলাকায় নুর কালামকে মারধর করে তার গাড়ি ভাঙচুর এবং বন্দবাজার এলাকায় একটি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। 

এসব ঘটনায় নুর কালাম একটি এবং অটোরিকশা চালক রুবেল আলাদা মামলা করেন। দুটি মামলায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, শনিবার দুপুর ১২টায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি প্রদানের দাবিতে ডাকা সমাবেশে আবু জাফর ও জ্যোতি পাল বক্তব্য দেন। পরে তাদের আম্বরখানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরে দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম।

দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে বাসদ নেতা নাজিকুল ইসলাম রানা বলেন, “সম্পূর্ণ ভুয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। যেদিনের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, সেদিন আবু জাফর ঢাকায় একটি কনফারেন্সে ছিলেন। সেই কনফারেন্সে সরকারের দুই উপদেষ্টাও উপস্থিত ছিলেন।”

সিলেট নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ ও গ্যারেজে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিকরা। 

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। ওই দিন জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার সময় মিছিল থেকে সিলেট সিটি করপোরেশনের একটি গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। 

পরে অটোরিকশা চালানোর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। 

বিক্ষোভ থেকে বিভিন্ন দাবি জানান রিকশা চালকরা। দাবির মধ্যে রয়েছে- শুক্রবারের মধ্যে জব্দ করা সব অটোরিকশা ফেরত এবং রাস্তায় গাড়ি নিয়ে বের হলে প্রশাসন যেনো হয়রানি না করে।

এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে সোমবার থেকে অভিযানে নামে সিলেট মহানগর পুলিশ। অভিযানে প্রতিদিনই অবৈধ যানবাহন আটক ও মামলা দেওয়া হয়। এ ছাড়া কাগজপত্র না থাকায় ব্যাটারিচালিত রিকশা নগরে চলতে দেওয়া হচ্ছে না।