২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেণিবিভক্ত প্রবাসীদের জীবনগাঁথা

একেক মানুষের শরীরের গন্ধ একেক রকম, একেক মানুষের আঙুলের ছাপ একেক রকম। ঠিক তেমনি প্রবাসীদের সম্পর্কে একেক মানুষের ধারণা একেক রকম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এম ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 12:22 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

প্রবাসী বলতেই কারও চোখের সামনে হয়তো ভেসে ওঠে, একদল লোক রোদে অমানুষিক পরিশ্রম করছে কিংবা গভীর মাটির নিচে অক্লান্ত পরিশ্রম করছে। আবার কারও দৃষ্টিতে প্রবাসী মানেই অফিসে বসে বসে লাখ লাখ টাকা উপার্জন করা কেউ।

প্রকৃত ঘটনা হলো প্রবাসীরা সবাই একই বেতন কিংবা সুযোগ-সুবিধা ভোগ করেন না। আমাদের সমাজে যেমন নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত পরিবারের বাস, তেমনি প্রবাসীরা তিনটি শ্রেণিতে বিভক্ত। আর আমার নিজেকে লোহার তৈরি খেয়ে খাওয়া মানুষ ছাড়া কিছুই মনে হচ্ছে না প্রবাসে এসে।

নিম্নবিত্ত প্রবাসীরা সাধারণত ফিটার,ওয়েল্ডার,পরিচ্ছন্নতা কর্মী, এক কথায় সাধারণ কর্মী হিসেবে সিঙ্গাপুরে আসেন। তাদের জীবনযাপন তুলনামূলকভাবে একটু কষ্টে কাটে। সারা বছর শারীরিক পরিশ্রম করে যায়, তবুও এদের বেতন, সুযোগ-সুবিধা বাড়ে না।

মাস শেষে পরিবারের কাছে টাকা পাঠিয়ে নিম্নবিত্ত প্রবাসীদের হাতে অবশিষ্ট বলে কিছুই থাকে না। নিজের উপার্জিত টাকা তারা নিজেরা ভোগ করতে পারেন না। সাধারণ কর্মী হিসেবে সিঙ্গাপুর এসে দেশে ফিরে যাবার আগ পর্যন্ত সাধারণ কর্মীই থেকে যায়। পদোন্নতি হয় না,কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয় তারা।

তাছাড়া দেশেও পরিবারের নিকট অবজ্ঞার শিকার হন। দুই থেকে চার বছর পর একবার ছুটিতে পরিবারের সাথে মিলিত হন। তাও এক থেকে দুই মাসের মতো ছুটি পান। তাদের আয়ও কম। পরিবারের সদস্যরা হয়তো বলেন, “অমুক সিঙ্গাপুরে চাকরি করে ঢাকায় দুইটা বাড়ি করেছে, ফ্ল্যাট কিনেছে। তুই কী করলি? তুই টাকা উপার্জন করে কি করিস?”

এমন প্রশ্নে তারা বিব্রত হন। নিম্নবিত্ত প্রবাসীদের সারাটা জীবন কাটে কষ্টে। এরা প্রবাসে কঠোর পরিশ্রম করে, আর সবচেয়ে বেশি অবহেলিত হয়।

মধ্যবিত্ত প্রবাসীরা তুলনামূলকভাবে নিম্নবিত্তদের থেকে ভালো আছেন। এরা সাধারণত বাংলাদেশ থেকে এইচ.এস.সি. পাশ কিংবা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে সিঙ্গাপুরে আসেন। তাদের পরিশ্রম ও মেধার কারণে কোম্পানিতে খাতির করা হয়।

মধ্যবিত্ত প্রবাসীদের বেতন কাঠামো নিম্নবিত্ত প্রবাসীদের চেয়েও ভালো। সাধারণ কর্মী থেকে পদোন্নতি পেয়ে জব লিডার, সুপারভাইজার, টেকনিশিয়ান হয়ে থাকেন। মধ্যবিত্ত প্রবাসীদের শারীরিক পরিশ্রমের পাশাপাশি মানসিক পরিশ্রমও করতে হয়। সাইটে কাজের তদারকি তারাই করে থাকেন।

মধ্যবিত্ত প্রবাসীরা এক থেকে দুই বছরে একবার ছুটিতে বাড়ি যান। তাদের পরিশ্রমের সব টাকা পরিবারের পেছনে ব্যয় করে শেষ পর্যন্ত পরিবারের নিকট লাঞ্চনারও শিকার হোন অনেকে। একটা সময় এসে তারা হিসাব করে দেখেন, এত বছরের প্রবাস জীবন শেষে তাদের প্রাপ্তির খাতা শুন্য। তাই আমি মনে করি, মধ্যবিত্ত প্রবাসীদের মতো দুঃখী কেউ নাই।

উচ্চবিত্ত প্রবাসী বলতে আমি বুঝি, যারা বাংলাদেশ থেকে ডিগ্রি, ডিপ্লোমা, মাস্টার্স পাশ করে আসেন তারা। তাছাড়া দেখা যায়, অনেক সময় একাডেমিক সার্টিফিকেট ছাড়াও শুধুমাত্র মেধা, ভাগ্য ও শারীরিক পরিশ্রমের কারণে অনেকেই উচ্চবিত্ত প্রবাসী হয়েছেন। এই শ্রেণির প্রবাসীরা তুলনামূলকভাবে মেধাবী,পরিশ্রমী হয়ে থাকেন। পরিশ্রম ও একাডেমিক সার্টিফিকেটের কারণে খুব দ্রুতই উন্নতি লাভ করেন।

শুধু বাংলাদেশের একাডেমিক সার্টিফিকেট নিয়ে এরা বসে থাকেন না। সিঙ্গাপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাদের কাজের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন কোর্স করে থাকেন। তাদের বেতন কাঠামো অনেক ভালো। মেধা ও পরিশ্রমে সন্তুষ্ট হয়ে সিঙ্গাপুর সরকার তাদেরকে এদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়ে থাকেন এবং তারা স্বপরিবারে সিঙ্গাপুরেই বসবাস করেন। আর যাদের পরিবার দেশে থাকে, তারা দুই থেকে তিন মাসের মধ্যে একবার পরিবারের সাথে মিলিত হতে দেশে যান।

এখন আপনি যদি প্রবাসীদের সম্পর্কে সম্মুখ ধারণা পেতে চান, তাহলে আপনাকে এই তিন শ্রেণির প্রবাসীদের সাথে মিশতে হবে। এদের জীবনযাত্রা সম্পর্কে জানতে হবে। তাহলেই আপনি প্রবাসীদের সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন। আপনি একটি নির্দিষ্ট শ্রেণির উপর ভিত্তি করে সকল প্রবাসী সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবেন না।

তবে দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে কোন সরকারি প্রতিনিধি সফরে এলে তারা ব্যবসায়িক কিংবা উচ্চবিত্ত শ্রেণির সাথে মিটিং-এ বসেন। নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত প্রবাসীদের সাথে বসার তাদের কোন সময় থাকে না। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণি শুধু দেশেই না, সারাবিশ্বেই অবহেলিত।

কয়েক মাস আগে সিঙ্গাপুরে আমাদের প্রধানমন্ত্রী এসেছিলেন। তার সাথে সাক্ষাৎ করার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সাধারণ কর্মীদের সাথে মিটিংয়ের জন্য কোন সময় বরাদ্দ ছিল না। প্রধানমন্ত্রী যদি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত প্রবাসীদের জন্য দুই মিনিট সময়ও বরাদ্দ করতেন, তাহলে প্রধানমন্ত্রী আমাদের বাস্তব চিত্র সম্পর্কে সম্মুখ ধারণা লাভ করতে পারতেন।

ভালো থাকুক পৃথিবীর সকল প্রবাসীরা। বিদেশে অবস্থানরত হাই কমিশনের উচিত, নিম্নবিত্ত প্রবাসী ও মধ্যবিত্ত প্রবাসীদের সাথে মাঝে মাঝে আলোচনা করা। তাদের সমস্যাগুলো জেনে দ্রুত সমাধানের চেষ্টা করা। কারণ, নিম্নবিত্ত আর মধ্যবিত্ত শ্রেণির প্রবাসীরাও দেশের রেমিটেন্স আয় বাড়িয়ে অর্থনীতীতে বিরাট ভূমিকা রাখছে।

লেখক : প্রবাসী বাংলাদেশি

এই লেখকের আরও পড়ুন

সিঙ্গাপুরের আইন-কানুন ও প্রবাসীদের দায়িত্ব

প্রবাসে পরিবারহীন ঈদের বেদনা

প্রবাসীর স্মৃতিতে স্বদেশ

মায়ের জন্য প্রবাসীর কান্না

প্রবাসীর শ্রমিক দিবস

সিঙ্গাপুরে অসুস্থকে সাহায্য করে আলোচিত বাংলাদেশি

প্রবাসে মিতব্যয়ী জীবনযাপনের কথা

প্রবাস জীবনে জুয়া ও সর্বনাশ

প্রবাসে ডিজিটাল জীবনযাপন

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!