উদীচী কানাডার বিজয় দিবস উদযাপন
টরন্টোতে উদীচী শিল্পগোষ্ঠীর বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহবান জানিয়েছেন ।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখা মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী মাহফুজুল বারীকে সম্মাননা প্রদান করে। শনিবার টরন্টোর নয় নাম্বার ডজ রোডের রয়্যাল কানাডিয়ান লিজিয়ন হলে অনুষ্ঠিত উদীচীর এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকশ্রোতার উপস্থিত ছিলেন।
মাহফুজুল বারীর হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন উদীচী কানাডার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক সৌমেন সাহা। এসময় সৌমেন সাহা বলেন, ‘এ সম্মাননা শুধুমাত্র উদীচী নয়, টরন্টোবাসী স্বাধীনতার সপক্ষের সকল শক্তির পক্ষ থেকে।’ সভায় সংগঠনের পক্ষে মানপত্র পাঠ করেন শেখর গোমেজ।
মাহবুব আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা কবি আসাদ চৌধুরী, শিক্ষাবিদ ও কলামিষ্ট ড. মোজাম্মেল হক খান, মো. ইলিয়াস মিয়া, মুক্তিযোদ্ধা ড. আজিজুল হক, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আহবায়ক অ্যাডভোকেট নাজমা কাওসার, উদীচী কানাডার উপদেষ্টা ননীগোপাল দেবনাথ, মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন মনা, উদীচী কানাডার কার্যকরী সদস্য বিদ্যুৎ রঞ্জন দে, কেন্দ্রীয় সংসদের সদস্য আজিজুল মালিক, কানাডা শাখার কার্যকরী কমিটি সদস্য অখিল সাহা, কোষাধ্যক্ষ আজফার ফেরদৌস। সভাটি পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৌমেন সাহা।
সাংস্কৃতিক পর্বের প্রথমার্ধে ছিল মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর উদ্দীপনামূলক গণসঙ্গীত ও কবিতা সমন্বয়ে পরিকল্পিত বিশেষ গীতি আলেখ্য ‘তোমার কোলে জনম আমার’। গীতি আলেখ্যটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন উদীচীর সহসভাপতি শেখর গোমেজ এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন সঙ্গীত শিক্ষক পার্থসারথী শিকদার। এই পর্বে অংশগ্রহণ করেন হাসমত চৌধুরী জুঁই, স্নিগ্ধা চৌধুরী, সাবিনা সুলতানা, ভ্যালেন্তিনা ভৌমিক, প্রতিমা সরকার, রিনি শাখাওয়াত, দেবযানী রায়চৌধুরী, কাজী জুলিয়া আজফার, সুনীতি সরদার, অনুপ সেনগুপ্ত, পারভীন রোকেয়া, শিউলী গোস্বামী, স্বপ্না দাশ, সুভাষ দাস, কাজী জহির উদ্দিন, সোলায়মান তালুত রবীন, শাহাবুদ্দিন ভুঁইয়া স্বপন। সঙ্গে হারমোনিয়ামে ছিলেন মুক্তিপ্রসাদ, গিটারে মোস্তফা মাহমুদ এবং তবলায় নিপুনতার স্বাক্ষর রাখেন সজীব চৌধুরী।
সাংস্কৃতিক পর্বের দ্বিতীয়ার্ধে ছিল মনোজ্ঞ নৃত্য-আলেখ্য ‘বিজয় নিশান’। যার মূল পরিকল্পক ও পরিচালক হিসাবে তার সুনামের প্রতি সুবিচার করেছেন কোরিওগ্রাফার নৃত্যপরিচালক তাপস দেব এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদীচীর উপদেষ্টা ও বিশিষ্ট কোরিওগ্রাফার শিপ্রা চৌধুরী। তাদেরকে সহযোগিতা করেন আরও দুই গুণী নৃত্যশিল্পী সীমা বড়ুয়া এবং ডালিয়া আহমেদ। এই পর্বে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন তাপস দেব, সীমা বড়ুয়া, ডালিয়া আহমেদ, পারমিতা তিন্বি, অদিতি সাহা, অংকিতা দেবরায়, সুচনা দাস বন্দনা, উর্শিতা সেনগুপ্ত তন্বী, অংকিতা সাহা এবং অন্বিতা সাহা । তাদের সঙ্গে সহশিল্পী হিসেবে অভিনয়ে অংশ নেন সুরজিৎ মজুমদার, শাকিব ও মুগ্ধ।
অনুষ্ঠানের মঞ্চ পরিকল্পনা এবং ব্যানার ও ফেস্টুন তৈরিতে মনজুরে খোদা তরিক ও কার্যকরী সদস্য হাবীবুর রহমান, দুলাল পাল, আলোক নিয়ন্ত্রণ উপদেষ্টা টিটু খন্দকার, বিপুল দেব, শব্দ নিয়ন্ত্রনে প্রিতিল এবং কারিগরি সহায়তায় অমর চৌধুরী অংশ নেন। তাদেরকে সামগ্রিক সহযোগিতায় ছিলেন বিদ্যুৎ রঞ্জন দে ও চিত্ত ভৌমিক।
সম্মাননার জবাবে দেওয়া বক্তৃতায় আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী মাহাফুজুল বারী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আহবান জানান। তিনি ষাটের দশক থেকে শুরু করে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলী নিয়ে স্মৃতিচারণ এবং সশস্ত্র যুদ্ধের অভিজ্ঞতা থেকে তথ্যবহুল বক্তব্য রাখেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হওয়ার এই শুভলগ্নে জাতির ভবিষ্যতের দিকে তাকিয়ে মুক্তিযুদ্ধের অসমাপ্ত কার্যাবলীসমুহকে সম্পন্ন করার জন্য সকলকে সক্রিয় অংশগ্রহণের আহবান জানান। সমাবেশে বক্তারা দেশের সংশোধিত বর্তমান সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলামকে এরশাদের স্বৈরাচারী আমলের ধারাবাহিকতা বলে উল্লেখ করেন, যা মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
