২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টরেন্টোতে প্রথম কনসার্টে মাইলস

প্রথম বারের মতো কানাডার টরেন্টোতে কনসার্ট করে দর্শক মাতালো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কানাডা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 08:42 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

শনিবার টরেন্টোর স্কারবোরোর চাইনিজ কালচারাল সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয় মাইলসের কনসার্ট।টরন্টোতে এটি ছিলো তাদের প্রথম এবং কানাডাতে ১৯ বছর পরে দ্বিতীয় কনসার্ট।

বিরতিহীন প্রায় তিন ঘন্টা- ‘সে কোন দরদীয়া আমায় কাঁদায় আবার হাসায়’, ‘ধিকি ধিকি আগুন জ্বলে বুকে নদী বইয়া চলে’, ‘ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও’, ‘জ্বালা জ্বালা জ্বালা এই অন্তরে’, ‘এক ঝড় এসে ভেঙ্গে দিয়ে গেল’সহ আরও অনেকগুলো জনপ্রিয় গান পরিবেশন করে মাইলসের শিল্পীরা প্রবাসীদের মাতিয়ে তোলেন।

মাইলসকে ঘিরে এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন হলেও অনুষ্ঠানের প্রথম পর্বে পরিবেশনায় ছিলেন বাংলাদেশ থেকে আগত নতুন প্রজন্মের শিল্পী মৌমিতা তাসরিন নদী এবং কানাডা প্রবাসী নতুন প্রজন্মের তিন শিল্পী সারা, ময়ূখ এবং অরিত। সারা, ময়ূখ এবং অরিত পরিবেশিত জোয়ান বেইসের বিখ্যাত গান ‘বাংলাদেশ’ দিয়েই শুরু হয় অনুষ্ঠান। প্রবাসে বেড়ে ওঠা এই তিন শিশুশিল্পীর নিখুঁত পরিবেশনা সবার দৃষ্টি কাড়ে।

দর্শক সারিতে উপস্থিত ছিলেন মাইলস এর গানের অন্যতম একজন গীতিকার কবি ফেরদৌস নাহার। শিল্পীরা তাঁর লেখা গান পরিবেশন করেন এবং তাঁর প্রতি সম্মান জানান। মঞ্চে আমন্ত্রণ জানান তাঁদের ব্যান্ডের প্রাক্তন শিল্পী প্রবাসী শাহেদুল হুদাকে। শিল্পীরা তাঁর ড্রামের সাথে পরিবেশন করেন একটি গান।মাইলসের শিল্পীরা তাদের  নতুন এবং পুরাতন অ্যালবাম থেকে বাচাই করা গান পরিবেশন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টরন্টোর আবৃত্তিশিল্পী মেরী রাশেদীন এবং রিজওয়ান রহমান। শব্দ এবং আলোক সংযোজন সহযোগিতায় ছিলেন হাসান ইমাম রনি এবং মঞ্চসজ্জার মূল প্রোজেকশনে সহযোগিতা করেছে লুসিয়া আজাদ।

দি ম্যাক এন্টারটেইনমেন্ট, বিডি সোর্সিং, সোহেল রানা এবং এসএইচএস প্রোডাকশন যৌথভাবে এই কনসার্টের আয়োজন করে।

প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com