অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে জাতীয় শোক দিবস
যথাযোগ্য মর্যাদায় কানাডার অটোয়ার বাংলাদেশ হাই কমিশন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে।
জাতীয় শোক দিবসের কর্মসূচির শুরুতে ‘বাংলাদেশ হাউস’এ জাতীয় পতাকা অর্ধনমিত করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার কামরুল আহসান। এ সময় বাংলাদেশ হাই কমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
দূতাবাস কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার মো: সোহরাব হোসেন। তিনি বলেন, “যে পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম করে বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিলেন, সেই পাকিস্তানের মাটিতে আজ স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে।”
কানাডায় বাংলাদেশের হাই কমিশনার কামরুল আহসান বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর জীবন, আদর্শ এবং সংগ্রামের ইতিহাস আরও বেশি করে আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুদূরপ্রসারী কূটনৈতিক প্রজ্ঞার মাধ্যমে দেশের পররাষ্ট্র নীতিকে যেভাবে ঢেলে সাজিয়েছেন, তার বাস্তবায়নে বাংলাদেশ হাই কমিশন সচেষ্ট রয়েছে।” ভবিষ্যতে বর্তমান সরকারের সকল ইতিবাচক কর্মকাণ্ডকে গুরুত্বের সঙ্গে বহির্বিশ্বে তুলে ধরতে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন বাংলাদেশের হাই কমিশনার।
বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব অপর্ণা রাণী পাল এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দূতাবাসের প্রথম সচিব মাকসুদ খান, প্রথম সচিব (বাণিজ্য) দেওয়ান মাহমুদ। কানাডা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ মিয়া, সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স, মুক্তিযোদ্ধা শিশির সাধকা ও সৈয়দ আনোয়ারুল হক, প্রকৌশলী সৈয়দ আব্দুল গাফফার, আইনজীবী শামীম আহসান, আবৃত্তিকার আহমেদ হোসেন এবং গোলাম মুহিবুর রহমান, মতিন মিয়া, ইতরাত জুবেরী সেলিম, আবুল কাশেম ও আনোয়ারুল মজিদ প্রমুখ।আলোচনা অনুষ্ঠানের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারবর্গ এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শাহাদাৎ বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া করা হয়।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
