উদীচীর সভায় যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি
উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি কাজী মোহাম্মদ শীশ বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে সন্তোষ প্রকাশ করলেও বিচার প্রক্রিয়ায় বিলম্ব এবং সরকারের দোদুল্যমানতায় উদ্বেগ প্রকাশ করেছেন।
সোমবার কানাডার টরেন্টোতে কাজী মোহাম্মদ শীশ উদীচী কানাডা শাখার সংগঠক, কর্মী এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন।
বৈঠকের শুরুতে উদীচী ক্যানাডা শাখার সাধারণ সম্পাদক সৌমেন সাহা ও কর্মীবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং শাখার সামগ্রিক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ দেন। কাজী মোহাম্মদ শীশ তার বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উদীচীর আদর্শিক ও কার্যক্রম চালানোর জন্য উপস্থিত সবাইকে আহ্বান জানান। তিনি উদীচীর গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও সাংগঠনিক শৃংখলার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ ছাড়াও তিনি বাংলাদেশে বর্তমান সাম্প্রদায়িক শক্তির উত্থান, সন্ত্রাসী কার্যক্রম ও সামাজিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে উদীচী ও অপরাপর প্রগতিশীল সংগঠনগুলোর কার্যক্রম জোরদার করা এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
৩১ অক্টোবর উদীচীরপ্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি গ্রহণের জন্য কানাডা শাখার কর্মীরা সোমবার এক পরিকল্পনা সভায় মিলিত হন। উল্লেখ্য, কানাডা শাখার কর্মী ও সংগঠকরা জাকজমকপূর্ণভাবে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ৩১ অক্টোবর শনিবার বিকালে ড্যানফোর্থে মিজান কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন রবীন্দ্র ও নজরুল গবেষক এবং লেখক ডঃ করুণাময় গোস্বামী। কনাডা শাখার সমস্ত কর্মী, শিল্পী, সমর্থক ও শুভানুধ্যায়ীবৃন্দের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
