২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরবসহ বিএনপির ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

যুবদলের সাবেক সভাপতি নিরব আদালতে হাজিরা না দেওয়ায় এই পরোয়ানা।

নিরবসহ বিএনপির ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজের আইনজীবীদের সঙ্গে সাইফুল আলম নিরব। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2022, 06:59 PM

Updated : 06 Dec 2022, 06:59 PM

চার বছর আগের এক মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবসহ বিএনপির ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার আদালত।

মঙ্গলবার মামলায় হাজিরার ধার্য দিনে উপস্থিত না হওয়ায় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

নাশকতার অভিযোগে রমনা থানায় করা ২০১৮ সালের এই মামলায় এদিন বিএনপির যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ বেশ কয়েকজন আদালতে হাজিরা দেন।

নিরবসহ বাকি আসামিরা আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে ওই আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির জানিয়েছেন।

জামিন আবেদন নাকচের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী খোরশেদ আলম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাত্র একটি তারিখে হাজির না হওয়ায় সময় আবেদন নাকচ করা তুলনারহিত। এ বিষয়ে মুখ্য মহানগর হাকিম মো. রেজাউল করিমকে জানিয়েও কোন লাভ হচ্ছে না। এগুলো বিচার বিভাগে খারাপ সংস্কৃতি জন্ম দিচ্ছে।”

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চকবাজার বিশেষ আদালতে রায় শুনানিতে হাজিরা দিতে যাওয়ার সময় বিএনপির প্রায় দেড় হাজার নেতাকর্মী ‘মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে’ রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুর করে। পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর ইট ছোড়ে ও ট্রাফিক বক্স ভাংচুর করে। এতে কিছু পুলিশ সদস্য গুরুতর আহত হয়।

এ ঘটনায় ওইদিন রমনা থানার উপ-পরিদর্শক এস এম খায়রুল বাশার বাদী হয়ে ১৮০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

পুরনো খবর:

ইশরাককে গ্রেপ্তারে পরোয়ানা