সস্ত্রীক সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে।
চিকিৎসার জন্য সিঙ্গপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ এই সফরে তার সঙ্গে রয়েছেন।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী বলেন, “স্যার ও ম্যাডাম দুইজনই চিকিৎসা করাবেন সিঙ্গাপুরে।”
৭৬ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। এবার তার ‘ফলোআপ’ করানো কথা রয়েছে।
তার স্ত্রী রাহাত আরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসার জন্য ‘অ্যাপয়েনমেন্ট’ নিয়েছেন বলে জানিয়েছেন ইউনূস।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।
