২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য ধর্মাবলম্বীদের মধ্যে ‘বিভ্রান্তি’ ছড়াচ্ছে বিএনপি: কাদের

“বিএনপির রাজনীতি ধর্মকে পুঁজি করে এবং উগ্রসাম্প্রদায়িক অপশক্তির উপর নির্ভর করে পরিচালিত হয়ে আসছে,” অভিযোগ করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 07:36 PM

Updated : 13 Aug 2023, 07:59 PM

নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতারা সনাতনসহ অন্য ধর্মের মানুষের উপর প্রভাব সৃষ্টি করতে ‘বিভ্রান্তি’ ছড়ানোর পাশাপাশি ‘হুমকি’ দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার বিকালে এক বিবৃতিতে তিনি বলেন, “বিএনপির রাজনীতি হল পাকিস্তানি ভাবাদর্শের রাজনীতি; উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার রাজনীতি। সাম্প্রদায়িকতাকে পুঁজি করে তারা রাজনীতি করে। ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল সংখ্যালঘুদের ধর্মীয় উপসনালয়, বাড়ি-ঘর ব্যবসা প্রতিষ্ঠান।

“সে সময়কার মন্ত্রী, এমপিদের সরাসরি নির্দেশে বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল বিএনপির সন্ত্রাসী বাহিনী। তাদের পাশবিক অত্যাচারের হাত থেকে শিশু থেকে বৃদ্ধা কেউই রেহাই পায়নি। এখন নির্বাচন যত কাছে আসছে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের মানুষের উপর প্রভাব সৃষ্টি করতে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং পরোক্ষভাবে তাদের হুমকি দিচ্ছে।”

শনিবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি সম্মেলনের ‍উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, “আজকে এদেশে কেউ নিরাপদ বোধ করে না। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কেউ না। অন্যদিকে সাধারণ মানুষ নিরাপদ বোধ করে না। কখন কাকে মিথ্যা মামলা জড়িয়ে তুলে নিয়ে গিয়ে কী বিপদে ফেলবে…গুম হয়ে যাচ্ছে, ৬০০ এরও অধিক গুম হয়ে গেছে।

“ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনাদের কমিউনিটির বহু লোককে আসামি করেছে। এই সব করে দাবিয়ে রাখা যাবে না।”

বাংলাদেশে সংখ্যালঘু হামলার সঙ্গে ক্ষমতাসীন দল জড়িত বলেও অভিযোগ করেন তিনি।

রোববার সংবাদমাধ্যমে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো বিবৃতিতে ওবায়দুল কাদের সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ‘দূরভিসন্ধিমূলক ও বিভ্রান্তিকর’ বলে এর নিন্দা ও প্রতিবাদ জানান।

কাদের বলেন, “ভারতের বাবরি মসজিদের ঘটনার সময় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বিএনপি মহাসচিব নিলর্জ্জ মিথ্যাচার করেছে। অথচ সে সময় বিএনপির ক্যাডারবাহিনী ও তাদের উগ্রসাম্প্রদায়িক দোসরদের হামলায় রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়েছিল বাংলাদেশ। হিন্দু সম্প্রদায় ও তাদের উপাসনালয়, বাড়ি-ঘরের সুরক্ষা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল তৎকালীন বিএনপি সরকার। সে সময় শুধুমাত্র ঢাকা শহরেই অসংখ্য মন্দির ভাংচুর ও সনাতন ধর্মাবলম্বীদের উপর পৈচাশিক হামলা ও নির্যাতন করা হয়েছিল।

“শুধু হিন্দু সম্প্রদায়ই নয় বিএনপি তখন সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল। বিএনপির রাজনীতি ধর্মকে পুঁজি করে এবং উগ্রসাম্প্রদায়িক অপশক্তির উপর নির্ভর করে পরিচালিত হয়ে আসছে। যার প্রমাণ ২০০১ পরবর্তী সময়েও পরিলক্ষিত হয়।“

বিএনপির প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলা ভাইয়ের মতো দুর্ধর্ষ জঙ্গি নেতার সৃষ্টি হয়েছিল জানিয়ে বিবৃতিতে বলা হয়, জঙ্গিবাদ ও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ। একুশে অগাস্টের নারকীয় গ্রেনেড হামলা এবং একসাথে দেশের ৬৩টি জেলায় পাঁচ শতাধিক স্থানে সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল। মির্জা ফখরুলরা যতই মিথ্যাচার করুক না কেন, বাংলাদেশের মানুষ বিএনপি শাসনামলে তাদের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস ও জঙ্গিবাদের সেই ভয়াবহ উত্থানের কথা ভুলে যায়নি।”

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথপরিক্রমায় ১৯৭১ সালে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানি শাসক ও তাদের দোসর উগ্র-সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে অসাম্প্রদায়িক প্রগতিশীল জাতিরাষ্ট্র হিসেবে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।“

আওয়ামী লীগ সেই অঙ্গীকারকে ধারণ করেই রাজনীতি করে আসছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, “আওয়ামী লীগ বিশ্বাস করে দেশের সকল নাগরিক সমান, সকলের ধর্ম পালনের সমান স্বাধীনতা ও অধিকার রয়েছে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সেই নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং তাদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করেছেন।”