সরকার ভোটে চায় সবাইকে, যে আসবে না তার সিদ্ধান্ত: আইনমন্ত্রী
আইনমন্ত্রী বলেন, “তাদের মূল বক্তব্য ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে পার্থক্যটা কোথায়? আমি সেই পার্থক্যের কথা তাদের অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি।”
সরকার সব দলের অংশগ্রহণে নির্বাচন চাইলেও কারা নির্বাচনে আসবে- না আসবে, সেটি সেই দলের ব্যাপার বলে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার সচিবালয়ে এক বৈঠকে এ বিষয়টি নিয়ে কথা হয় বলে জানিয়েছেন তিনি।
আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি দেখার পাশাপাশি এবং ভোটের বিষয়ে ‘স্বাধীন ও নিরপেক্ষ পর্যালোচনা’ চালাতে গত শনিবার বাংলাদেশে আসে যুক্তরাষ্ট্রের দলটি।
ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ছয় সদস্যের এই যৌথ মিশন বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে থাকবে।
দলটি পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও সবশেষ আইনমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে কথা বলে নির্বাচন নিয়ে তাদের অবস্থান জানতে চায়।
বৈঠকে আলোচনার প্রসঙ্গ ধরে আইনমন্ত্রী বলেন, “কেউ নির্বাচনে আসবে না এমন আশঙ্কা করা হচ্ছে কি না, তারা এটা জিজ্ঞাসা করেছেন।
“আমি বলেছি, শেখ হাসিনার সরকার চায় সকল দল নির্বাচনে আসুক। কিন্তু কে নির্বাচনে আসবে, কে নির্বাচনে আসবে না সেটা সেই দলের সিদ্ধান্ত।”
এক প্রশ্নে মন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সংলাপের বিষয়ে মার্কিন প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের পক্ষ থেকে কোনো প্রশ্ন রাখা হয়নি।
“উনাদের সঙ্গে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আলাপ-আলোচনা হয়েছে। আমি উনাদের বলেছি, শেখ হাসিনার সরকার অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ব্যাপারে বাংলাদেশের জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে।”
অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার নানা আইনি সংস্কার করেছে বলেও আইআরআই-এনডিআই প্রতিনিধিদের জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের যে আইন করা হয়েছে, নির্বাচন কমিশনের প্রস্তাবে আইনের কিছু পরিবর্তনও যে আনা হয়েছে, সেসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে।
“আমি বলেছি, নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নির্বাচন সংক্রান্ত যেসব অফিস-আদালত, ডিপার্টমেন্ট আছে, সেগুলো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে যাবে। এ তিনটি জিনিস দেখলেই বোঝা যাবে শেখ হাসিনার সরকার বাংলাদেশ অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক, সেটা তারা চায়।”
ডিজিটাল আর সাইবার আইনে কী পার্থক্য
ডিজিটাল নিরাপত্তা আইন বিলুপ্ত করে সাইবার নিরাপত্তা নামে নতুন যে আইন করা হয়েছে, তা নিয়েও আইনমন্ত্রীর কাছে প্রশ্নও রাখে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল।
আইনমন্ত্রী বলেন, “আমি সেই পার্থক্যের কথা তাদের অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি।সাইবার সিকিউরিটি অ্যাক্ট, জুডিসিয়ারি সম্বন্ধে জানতে চেয়েছেন। আমি জুডিসিয়ারির সম্পূর্ণ ইতিহাস তুলে ধরেছি। মামলাজট সম্বন্ধে জানতে চেয়েছেন, এজন্য আমরা কী করেছি, সেটি বলেছি।”
তবে ‘অত্যন্ত পরিষ্কারভাবে বলা’ পার্থক্যগুলো সাংবাদিকদের কাছে খোলাসা করেননি মন্ত্রী।
ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারা নিয়ে দেশের ভেতরে বাইরে নানা সমালোচনা ও আপত্তির মধ্যে গত ১৩ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয় সাইবার নিরাপত্তা আইন বিল।
ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারা এ আইনে যুক্ত করা হয়েছে, যা নিয়ে সংসদে আপত্তি জানিয়েছিলেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা। সাংবাদিকদের যেসব আপত্তির বিষয় ছিল, সেগুলো রয়ে গেছে বলে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন সংগঠন।
এ আইন পাসের পর সম্পাদক পরিষদ গত ২০ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলে “খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এ কোনো গুণগত পরিবর্তন নেই।”
