২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের নামে উন্নয়ন ফলকও ভাঙতে শুরু করেছে বিএনপি: কাদের

“এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের অবশ্যই খুঁজে বের করা হবে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2022, 08:24 PM

Updated : 18 Nov 2022, 09:32 PM

নারায়ণগঞ্জের কাঁচপুরে সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের নামফলক পোড়ানো ও ভেঙে ফেলার জন্য বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “এরা (বিএনপি) যে আন্দোলনের নামে কী করবে, এটা বোঝাই যায়। এখন তারা উদ্বোধনী ফলক ভাঙতে শুরু করেছে। তাও ফলকটি আমার না, শেখ হাসিনার, এত বিদ্বেষ! তারা করেছে, আমরা বুঝি। বেরিয়ে আসবে সত্য।”

শুক্রবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “আজকে বাংলাদেশে নতুন করে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে শেখ হাসিনার উন্নয়ন অর্জনের যারা শত্রু, উন্নয়ন আর অর্জনের বিষোদ্গার যারা করে যাচ্ছে; তারা অন্ধকারে কাচপুর ব্রিজের প্রান্তে আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ফলক গুঁড়িয়ে ফেলেছে।

Image

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

“আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা করি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের অবশ্যই খুঁজে বের করা হবে। আমাদের সচিব এখানে আছে। বলেছি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে তাকে দায়িত্ব দিয়েছি। একটা মামলাও করতে হবে।”

আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির আহ্বায়ক অনুপম সেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, সানজিদা খানম, আনিসুর রহমান, আব্দুল আউয়াল শামীম প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।

সভা যৌথভাবে সঞ্চালনা করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।