২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ২ আওয়ামী লীগ নেতার বিরোধের জেরে বিএনপির দুপক্ষে সংঘর্ষ

ইছাপুরা গ্রামে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 06:34 PM

Updated : 27 Sep 2026, 06:40 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে; এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান।

স্থানীয়রা বলছেন, ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন ও জিয়াউল হক বকুল মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

শনিবার আক্তার হোসেনের সমর্থক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঙ্গে জিয়াউল হক বকুলের সমর্থক ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেলের কথা-কাটাকাটি হয়। বিষয়টি পরে সংঘর্ষে রূপ নেয়। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

সেই ঘটনার জের ধরে রোববার সকাল ৭টা থেকে দুই পক্ষের লোকজন পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। কয়েক দফায় চলা এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

সাবেক দুই চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন ও জিয়াউল হক বকুল এলাকা ছেড়ে আত্মগোপনে আছেন। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

অপরদিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেলের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”