১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: ঢাকায় গণসংযোগ ও সমাবেশ করবে এনসিপি

দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন প্রক্রিয়াও চূড়ান্ত করেছে এনসিপি; যা ১৩ অক্টোবরের মধ্যে ঘোষণা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Oct 2026, 10:07 PM

Updated : 11 Oct 2026, 10:07 PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এর নির্ধারিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর বাংলামোটরে রোববার দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জননিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরে সপ্তাহব্যাপী গণসংযোগের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ৩০ অক্টোবর শাহবাগে প্রতিবাদ সমাবেশের নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

রাতে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে বলা হয়, এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আখতার হোসেনের সঞ্চালনায় এই সভা হয়। সভায় রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সভায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তার অভাব এবং চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

এছাড়া আগামী ৩০ অক্টোবর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে শাহবাগে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে থাকবেন বলে সভায় জানানো হয়। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়ে সভায় বলা হয়, দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন ও দায়িত্ব বণ্টন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে, যা আগামী ১৩ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এছাড়া আগামী সপ্তাহের মধ্যে আরও ১০০ উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রস্তুতকরণের কাজ আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।