০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

পঞ্চম মৌসুমে ফিরছে নেটফ্লিক্সের ‘দ্য ডিপ্লোম্যাট’

রাজনৈতিক এই থ্রিলারের কেন্দ্রে থাকা দুই দম্পতির সম্পর্কের জটিলতা ঘিরে নাটকীয়তা অব্যাহত থাকছে বলেই ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 01:00 PM

Updated : 02 Nov 2026, 01:01 PM

রাজনৈতিক থ্রিলার ঘরানার জনপ্রিয় সিরিজ ‘দ্য ডিপ্লোম্যাট’-এর পঞ্চম মৌসুম নির্মাণের ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি। সিরিজটির চতুর্থ মৌসুম মুক্তির পরপরই এ ঘোষণা আসে।

বিবিসি বলছে, নতুন মৌসুমের ঘোষণা আসলেও, সে সবের গল্প কেমন হবে সে আভাস মেলেনি। তবে রাজনৈতিক এই থ্রিলারের কেন্দ্রে থাকা দুই দম্পতির সম্পর্কের জটিলতা ঘিরে নাটকীয়তা অব্যাহত থাকছে বলেই ধারণা করা হচ্ছে।

এই সিরিজে রাষ্ট্রদূত কেট ওয়াইলার চরিত্রে কেরি রাসেল ও ভাইস প্রেসিডেন্ট হ্যাল ওয়াইলার চরিত্রে অভিনয় করেছেন রুফাস সিউয়েল। অন্যদিকে ‘দ্য ওয়েস্ট উইং’-এর পর আবারো এক ফ্রেমে আসা অ্যালিসন জেনি ও ব্র্যাডলি হুইটফোর্ড হাজির হয়েছেন যথাক্রমে প্রেসিডেন্ট গ্রেস ও টড পেন চরিত্রে।

চতুর্থ মৌসুমের ইতি টানা হয়েছিল এক চরম নাটকীয় মুহূর্তে; যেখানে দুই দম্পতির ব্যক্তিগত ও রাজনৈতিক টানাপোড়েন চরম রূপ নেয়। আমেরিকা ও যুক্তরাজ্যের ভঙ্গুর কূটনৈতিক পরিস্থিতি এবং কেটের টালমাটাল বৈবাহিক জীবন এক বিপর্যয়কর মুহূর্তে ভেঙে পড়ে। সেই সংকট সামাল দিতে কেটের চেষ্টার মধ্যেই রাশিয়ার শক্তিশালী অস্ত্র হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রে নামেন প্রেসিডেন্ট গ্রেস ও ভাইস প্রেসিডেন্ট হ্যাল, যা যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেয়।

ক্ষমতার এই ভারসাম্য রক্ষা করতে তখন বাধ্য হয়ে জোট বাঁধেন কেট ও টড।

সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অ্যাটো এসান্দো, আলি আন এবং নানা মেনসা।

২০২৩ সালে প্রচারের শুরুতেই নেটফ্লিক্সে ব্যাপক জনপ্রিয়তা পায় ‘দ্য ডিপ্লোম্যাট’। মুক্তির প্রথম চার সপ্তাহে এর প্রথম মৌসুম দেখা হয় ১৭ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ঘণ্টারও বেশি। দ্বিতীয় মৌসুমটিও টানা চার সপ্তাহ ধরে ছিল বৈশ্বিক শীর্ষ দশের তালিকায়।

সম্প্রতি মুক্তি পাওয়া চতুর্থ মৌসুমটি দ্বিতীয় সপ্তাহেই বৈশ্বিক শীর্ষ তালিকায় তিন নম্বরে উঠে আসে এবং ৬৩টি দেশে শীর্ষ দশের মধ্যে স্থান করে নেয়। এর আগে তৃতীয় মৌসুম মুক্তির আগেই চতুর্থ মৌসুমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল নেটফ্লিক্স।

সিরিজটি এবং এর প্রধান অভিনেত্রী কেরি রাসেল এমি ও গোল্ডেন গ্লোবসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন পেয়েছেন। তৃতীয় মৌসুমে অভিনয়ের সুবাদে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) পুরস্কার পান রাসেল। একই মৌসুমে অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর এমি জেতেন অ্যালিসন জেনি। এ ছাড়া সেরা ড্রামা সিরিজসহ মোট সাতটি ক্যাটাগরিতে এমির মনোনয়ন পায় সিরিজটি।

‘দ্য ডিপ্লোম্যাট’ নির্মাণ করেছেন ডেবোরা কান। নির্বাহী প্রযোজক হিসেবে রাসেলের সঙ্গে যুক্ত আছেন জেনিস উইলিয়ামস, অ্যালেক্স গ্রেভস, পিটার নোয়া এবং এলি অ্যাটি। সিরিজটির সবগুলো মৌসুম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।