১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

দনবাস ছেড়ে ইউক্রেইনকে নেটো সদস্য হওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

জেলেনস্কি নিয়মিতভাবে বলে এসেছেন, মস্কোর দাবি সত্ত্বেও ইউক্রেইন দনবাসের মতো সার্বভৌম ভূখণ্ড ছেড়ে দিতে রাজি না।

দনবাস ছেড়ে ইউক্রেইনকে নেটো সদস্য হওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

আয়ারল্যান্ডের ডাবলিনে ইইউয়ের শীর্ষ সম্মেলনের দিন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 07:53 PM

Updated : 14 Nov 2026, 07:53 PM

ইউক্রেইন নেটো সদস্যপদের বিনিময়ে তাদের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে, সম্প্রতি যুক্তরাষ্ট্র এমন সম্ভাবনার কথা তুলেছে বলে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেইনের যুদ্ধ অবসানের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন দূতদের মস্কো সফর এবং ডাবলিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনের পর শনিবার ইউক্রেইনের প্রেসিডেন্ট এ মন্তব্য করেছেন।

ভবিষ্যতের হুমকি মোকাবেলায় যে কোনো শান্তি চুক্তির শর্ত হিসেবে কিইভ দীর্ঘদিন ধরে এই সামরিক জোটের সদস্যপদ পাওয়া চেষ্টা করে আসছে। অপরদিকে রাশিয়া জানিয়েছে, তাদের সীমান্তে নেটোর আরও এক সদস্যের উপস্থিতি মস্কোর কাছে গ্রহণযোগ্য নয়।

জেলেনস্কিও নিয়মিতভাবে বলে এসেছেন, মস্কোর দাবি সত্ত্বেও ইউক্রেইন দনবাসের মতো সার্বভৌম ভূখণ্ড ছেড়ে দিতে রাজি না।

জেলেনস্কি সাংবাদিকদের বলেন, “আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছে: ‘ইউক্রেইন যদি নেটোতে যোগ দেয় তবে কী হবে? ইউক্রেইন কি তখন দনবাস থেকে সরে আসবে?’ এই প্রথমবার এমন প্রশ্ন তোলা হল।”

তিনি আরও জানান, তিনি যদি এমন কোনো প্রস্তাব পান যেখানে ইউক্রেইনের নিরাপত্তার নিশ্চয়তা থাকবে, সামরিক বাহিনীর ওপর কোনো বিধিনিষেধ থাকবে না এবং দেশ পুনর্গঠনের জন্য তহবিলের বিষয়টি অন্তর্ভুক্ত থাকে, তবে তিনি সেই প্রস্তাবটি গণভোটে দেবেন।

মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক দফা আলোচনার পর মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে দেখা করতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যান।

পুতিন ও ক্রেমলিন কর্মকর্তাদের মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, যুদ্ধের বিষয়ে রাশিয়ার আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ভূখণ্ড ছেড়ে দেওয়া ও কিইভের নিরপেক্ষতার বিষয়ে মস্কো এখনও যেসব দাবি করছে তা ইউক্রেন যতটুকু মেনে নিতে রাজি আছে তার চেয়ে অনেক বেশি।

মস্কো এর আগে শান্তি চুক্তির শর্ত হিসেবে ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করা, ভূখণ্ডগত ছাড় দেওয়া এবং কিয়েভকে নিরপেক্ষ থাকার নিশ্চিয়তা দিতে হবে বলে প্রস্তাব দিয়েছিল।

ইউক্রেন এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে যে, এ ধরনের বিধিনিষেদের মধ্যে থাকলে ভবিষ্যতে কোনো হামলা হলে তা ঠেকানোর কোনো ক্ষমতা তাদের থাকবে না।

মার্কিন কর্মকর্তারা এর আগে বলেছিলেন, ইউক্রেনের নেটো সদস্যপদের বিষয়টি আলোচনার টেবিলে নেই।

কিন্তু শনিবার জেলেনস্কি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব দেখে তার মনে হচ্ছে যে ‘নেটোর বিষয়টি আবারও আলোচনার সূচিতে ফিরে এসেছে'।

তবে তিনি সতর্ক করে বলেন: 'আপনারা পুতিনের মনোভাবও দেখেছেন, তাই এই আলোচনাটি অত্যন্ত কঠিন হতে যাচ্ছে।”

বর্তমানে ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এলাকা রাশিয়ার দখলে রয়েছে, যার মধ্যে দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্কের বেশিরভাগ অংশই পড়েছে।

সেখানে ইউক্রেনের হাতে এখনো যে সামান্য এলাকা আছে তা ছেড়ে দেওয়া কিয়েভের জন্য প্রতীকীভাবে অনেক বড় ব্যাপার হবে, কারণ এর মানে দাঁড়াবে দনবাসকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়া।

জেলেনস্কি এর আগে ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড আর ক্রাইমিয়া উপদ্বীপ পুনরুদ্ধারের কথা বলেছিলেন, যা মস্কো ২০১৪ সালে নিজেদের ভূখণ্ডের অংশ করে নিয়েছিল।