২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিজয় ভাষণে লুলার ‘ধন্যবাদ’ পাওয়া আন্দ্রে জানোনিস কে? কী করেছেন তিনি?

ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের এই রাজনীতিক হোয়াটসঅ্যাপে ‘লুলা’স আর্মি’ নামের একটি অত্যন্ত জনপ্রিয় চ্যানেলের প্রতিষ্ঠাতা।

বিজয় ভাষণে লুলার ‘ধন্যবাদ’ পাওয়া আন্দ্রে জানোনিস কে? কী করেছেন তিনি?

নিজের হোয়াটসঅ্যাপ চ্যানেল ‘লুলা’স আর্মি’র লাইভ অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ও আন্দ্রে জানোনিস। ছবি: এক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 02:45 PM

Updated : 26 Oct 2026, 02:49 PM

ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা নজিরবিহীনভাবে চুতুর্থ মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশের বৃহত্তম শহর ও অর্থনৈতিক রাজধানী সাউ পাউলুতে বিজয় ভাষণ দিয়েছেন।

এই ভাষণে লুলা দেশটির কংগ্রেস সদস্য আন্দ্রে জানোনিসকে নির্বাচনী প্রচারে ‘শক্তিশালী’ ভূমিকা রাখায় বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন।

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসের এই ৪২ বছর বয়সী রাজনীতিক হোয়াটসঅ্যাপে ‘লুলা’স আর্মি’ নামের একটি অত্যন্ত জনপ্রিয় চ্যানেলের প্রতিষ্ঠাতা। তিনি নির্বাচনী প্রচারে বামপন্থি প্রেসিডেন্ট প্রার্থী লুলার সমর্থনে একটি সুসংগঠিত ও কার্যকর অনলাইন প্রচারণার নেতৃত্ব দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, গত কয়েক সপ্তাহে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি লুলার প্রচার অভিযানের অন্যতম প্রধান ডিজিটাল হাতিয়ার হয়ে উঠে। চ্যানেলটি লুলার পক্ষে থাকা বিষয়বস্তুগুলো সংগ্রহ করে জনগণের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিয়মিত ভিডিও ও বার্তার মাধ্যমে জানোনিস ‘লুলার সৈনিক’ বলে অভিহিত করা অংশগ্রহণকারীদের পোস্টগুলো শেয়ার করতে ও নতুন সদস্যদের যুক্ত করতে উদ্ধুদ্ধ করতেন। রোববারের রান-অফ নির্বাচনের ঠিক আগে চ্যানেলটির অনুসারীর সংখ্যা এক কোটির মাইলফলক ছাড়িয়ে যায়।

সাউ পাউলুতে দেওয়া ভাষণে লুলা বলেছেন, এই নির্বাচন তাকে অনেক কিছু শিখিয়েছে, তার মধ্যে অন্যতম হল সামাজিক যোগাযোগমাধ্যমের ‘প্রভাব’।

লুলা বলেছেন, “আমি আপনাদের সবাইকে জানাতে চাই, আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ আরও বাড়াবো। আর আমার নতুন সরকারে ডিজিটাল যোগাযোগ একটি বড় ভূমিকা পালন করবে।”

ব্রাজিলের সর্বোচ্চ নির্বাচনী আদালতের দেওয়া তথ্য অনুযায়ী, লুলা ৫১ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়েছেন আর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২১ শতাংশ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৪০ লাখেরও বেশি।

পুরনো খবর:

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত লুলা