বিএনপি নেতা দুলুসহ ২ নেতাকে আটকের অভিযোগ
সাদা পোশাকের পুলিশ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তুলে নিয়ে গেছে বলে দাবি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।
বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তাদের দলের নেতারা।
মঙ্গলবার রাতে দুলুকে ঢাকায় তার গুলশানের বাসা থেকে সাদা পোশাকের পুলিশ পরিচয়ধারীরা আটক করেন বলে দাবি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর।
অপরদিকে আজাদকে ঢাকায় শেওড়াপাড়ায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে সাদা পোশাকের পুলিশ পরিচয়ধারীরা আটক করে নিয়ে যান বলে দাবি তার সঙ্গে থাকা তাঁতীদলের কর্মী আবদুর রহমান।
তবে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাতে ডিএমপির মুখপাত্র জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেনকে ফোন করলেও তিনি ধরেননি।
রিজভীর দাবি, দুলুকে গুলশানের বাসা থেকে রাত ১০টা ২৫ মিনিটে সাদা পোশাকের পুলিশ নিয়ে গেছে।
‘‘পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছে তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সবগুলোতে তিনি জামিনে আছেন। তারপরও এই সরকার কোনো আইনের তোয়াক্কা করছে না,” বলেন তিনি।
চার দলীয় জোট সরকারের সাবেক ভূমি উপমন্ত্রী দুলু নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য।
