২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের বিরুদ্ধে ‘কথা বলার’ অধিকার চান ফখরুল

সরকার পরিকল্পিতভাবে বিরোধী দলের কর্মসূচিতে আক্রমণ করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে অভিযোগ তার।

সরকারের বিরুদ্ধে ‘কথা বলার’ অধিকার চান ফখরুল

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রোববার এক সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 04:59 PM

Updated : 09 Apr 2023, 04:59 PM

নিজের দলের আন্দোলনকে ‘শান্তিপূর্ণ’ দাবি করে, সরকার পরিকল্পিতভাবে ‘সংঘাতময়’ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকার ‘রাষ্ট্র বা ঈশ্বরের কোনটাই নয়’ মন্তব্য করে বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন, তাহলে কেন সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না?

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক প্রতিবাদী সভায় সরকারের সমালোচনা করে এসব কথা বলেন তিনি।

নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এ সভা আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

তিনি বলেন, ‘‘আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করছি, এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এ দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। অত্যন্ত পরিকল্পিতভাবে বিনা উসকানিতে বিরোধী দলের কর্মসূচিতে আক্রমণ করে, আঘাত করে তারা একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চায়।”

সরকারের বিরুদ্ধে কেন কথা বলা যাবে না সেই প্রশ্ন তুলে ফখরুল বলেন, ‘‘আওয়ামী লীগ তো সবসময় বলে থাকে তারা সংবিধান মেনে চলবে। সেই সংবিধানে তো পরিষ্কার করে বলা আছে যে, আমার কথা বলার অধিকার দিতে হবে, প্রতিবাদ করার অধিকার দিতে হবে। সরকারের বিরুদ্ধে কেন কথা বলা যাবে না? সরকার কি রাষ্ট্র বা সরকার কি গড? সরকার তো গড না।“

‘সুলতানার মৃত্যু খাটো করে দেখার বিষয় নয়’

নওগাঁয় র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুকে ‘হত্যা’ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘‘সুলতানা জেসমিনকে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে… এটা কোনো সভ্য দেশে হতে পারে না। কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না।…এটা আইন, সংবিধানের লঙ্ঘন এবং সম্পূর্ণ বেআইনি।“

এ ঘটনাকে খাটো করে দেখার কারণ নেই মন্তব্য করে তার অভিযোগ, “এই হত্যা প্রমাণ করে যে, এ দেশে বর্তমানে যে আওয়ামী লীগের সরকার যারা গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছে তারা এভাবে হত্যা করে।“

২০১৫ সালে কারাগারে থাকার সময় নারায়ণগঞ্জের সাত হত্যা মামলার আসামি কয়েকজন র‌্যাবের কর্মকর্তার সঙ্গে পরিচয়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “তারা (র‌্যাব সদস্যরা) বলে যে, ‘আমরা কী? আমরা তো হুকুমের চাকর, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়… আমরা কাজ করি।’ র‌্যাব কোনো কাজ করতে পারে না, র‌্যাবের কর্মকর্তা বা সৈনিক আছেন তারা কোনো কাজ করতে পারে না ‘উপরের’ নির্দেশ ছাড়া।”

র‌্যাবের ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ নিয়ে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের সাম্প্রতিক ভিডিও প্রতিবেদনের প্রসঙ্গ তুলেও তিনি র‌্যাবকে ‘সরকারের নির্দেশে ব্যবহারের’ সমালোচনা করেন।

‘কণ্ঠ রোধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন’

মির্জা ফখরুলের অভিযোগ ক্ষমতাসীনদের দুর্নীতির-অন্যায়ের প্রতিবাদ করলেই প্রতিবাদকারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে। এ আইনের বিরুদ্ধে বিএনপি এবং সম্পাদকরা প্রতিবাদ করেও লাভ হচ্ছে না।

তিনি বলেন ‘‘কি ঔদ্ধত্য তাদের! জাতিসংঘের মানবাধিকার কমিশন যখন বলছে যে, এই আইনটার অনেক ধারা সংশোধন করা দরকার এবং দুইটি ধারা বাতিল করা দরকার। তখন তথ্যমন্ত্রী বলেছেন যে, বাতিল করা হবে না।

‘‘আমাদের প্রশ্ন কেন করা হবে না? এজন্য করা হবে না যে আইন দিয়ে আপনারা জনগণের কথা বলার যে অধিকার সেটাকে আপনারা পুরোপুরিভাবে বন্ধ করে দিতে চান?”

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা ও প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তারের ঘটনার পাশাপাশি বিএনপি মহাসচিব আরও কয়েকজন সাংবাদিকে হয়রানির অভিযোগ তুলে ধরেন।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হে্লেন জেরিন খানের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাম্মী আখতার, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রুমা আখতার, উত্তরের আহ্বায়ক নায়েবা ইউসুফ বক্তব্য রাখেন।