সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না: কাদের
নির্বাচনে না এলে কাউকে জোর করে আনা হবে না এবং বাধা দিতে গেলে প্রতিহত করার কথা বলেন তিনি।
নির্বাচন ভণ্ডুল করতে বিএনপি দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওবায়দুল কাদের।
শনিবার মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল মাঠে ইফতার ও ঈদ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমন মন্তব্য করেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এ কর্মসূচিতে তিনি বলেন, "শেখ হাসিনা ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ সেই ধরনের নির্বাচন করার জন্য আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছেন। নির্বাচন কমিশন এখন নিরপেক্ষ। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করবে। সরকার রুটিন দায়িত্ব পালন করবে। সরকার এ নির্বাচনে কোনো প্রকারের হস্তক্ষেপ করবে না। আমি জনগণের প্রতিনিধি হিসাবে আপনাদেরকে কথা দিয়ে গেলাম। সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।"
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "তারা জানে নির্বাচন হলে শেখ হাসিনার সঙ্গে পারবে না। নির্বাচন হলে হেরে যাবে। কাজেই এ নির্বাচন না করে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে ভন্ডুল করা তাদের লক্ষ্য। আমরাও প্রস্তুত। নির্বাচনে না আসলে জোর করে কাউকে আনতে পারব না। কিন্তু নির্বাচনে বাধা দিতে গেলে প্রতিহত করা হবে।"
নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, "নির্বাচন পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। মাঠে থাকব। অপশক্তি ও অপরাজনীতির হোতা বিএনপিকে প্রতিরোধ করব। তাদের দোসরদের প্রতিহত করব। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে বিজয়ের সোনালী বন্দরে পৌঁছাতে আমরা প্রস্তুত আছি।"
প্রার্থী হতে অনেকের আকাঙক্ষা থাকতে পারে মন্তব্য করে তিনি বলেন, “কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রতি ছয় মাসে খোঁজ-খবর নিয়ে প্রতিবেদন তৈরি করছেন। এখানে যে এগিয়ে থাকবে তাকেই মনোনয়ন দেওয়া হবে। জনগণের ভোটের জন্য নির্বাচন, তাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিতে হবে। সেটাই বঙ্গবন্ধুকন্যা সিদ্ধান্ত নিয়েছেন।"
আওয়ামী লীগ করতে হলে দলীয় শৃঙ্খলা মেনে চলার কথা নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন তিনি।
সংঘাত এড়াতে হলে সরকারকে পদত্যাগ করতে হবে। তখন সংলাপ ডাকলে বিএনপি রাজী- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "আমার প্রশ্ন হচ্ছে সরকার পদত্যাগ করলে সংলাপ করবে কে? এই প্রশ্নের উত্তর ফখরুল সাহেব আপনার কাছে চাই। এই ধরনের উদ্ভট, আবোল-তাবোল বক্তব্য তারা দিয়ে যাচ্ছে।"
বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণ এমনকি বিএনপির শরিকরাও নেই বলে দাবি করেন তিনি।
কূটনৈতিকদের কাছে ধর্ণা দিয়ে বিএনপি ব্যর্থ হয়েছে উল্লেখ করে কাদের বলেন, "শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতিসংঘের কাছে নালিশ দেবে। জাতিসংঘের এটা কাজ নয়। কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না। ফখরুল আগেও একবার জাতিসংঘের দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন। মহাসচিবকে পাননি, নিচের দিকের দুই একজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে শূন্য হাতে বাংলাদেশে ফিরে এসেছিল।“
সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি, সংসদ সদস্য আগা খান মিন্টু বক্তব্য রাখেন।
