২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ অগাস্ট প্রতিবাদ মিছিল করবে জামায়াত

১৮ অগাস্ট সারা দেশে দোয়া ও ২৩ অগাস্ট দেশব্যাপী প্রতিবাদ মিছিল করবে জামায়াত।

২৩ অগাস্ট প্রতিবাদ মিছিল করবে জামায়াত

চট্টগ্রামের দামপাড়ায় জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে মঙ্গলবার বিকালে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা পড়ার জন্য জড়ো হলে জামায়াত-শিবিরের কয়েকজন কর্মীকে আটক করে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2023, 05:01 PM

Updated : 16 Aug 2023, 05:00 PM

দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় ‘বাধা, বিভিন্নস্থানে গায়েবনা জানাজায় হামলা, গ্রেপ্তার ও গুলির’ প্রতিবাদে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। 

দুইদিনের কর্মসূচির মধ্যে ১৮ অগাস্ট সারা দেশে দোয়া ও ২৩ অগাস্ট দেশব্যাপী প্রতিবাদ মিছিল রয়েছে। 

বুধবার এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “আমরা আজ দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ‌সাঈদীর গায়েবানা জানাজা করতে চেয়েছিলাম, প্রশাসন অনুমতি দেয়নি। 

“আল্লামা সাঈদীর গায়েবানা জানাজায় হামলা, ফুরকান উদ্দীনকে হত্যা করার প্রতিবাদে, ধর্মীয় অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং সংবিধানে বর্ণিত অধিকার বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে বাধাদান গ্রেপ্তার ও পুলিশির গুলিতে আহত করার প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছি।”

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম,সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, নুরুল ইসলাম বুলবুল, আবদুর রহমান মুসা, ঢাকা মহানগরের দেলোয়ার হোসেন, কামাল হোসাইন, মাহফুজুর রহমান ও আবদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। 

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা সাঈদী গত সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর মঙ্গলবার বাদ আছর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে গায়েবানা জানাজা পড়ার ঘোষণা দেয় নগর জামায়াত। 

কিন্তু জাতীয় শোক দিবসে বিশৃঙ্খলার আশঙ্কায় দুপুরের পর থেকে মসজিদ মাঠের দুই গেইট বন্ধ করে অবস্থান নেয় পুলিশ। তারপরও সেখানে জড়ো হতে থাকেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। পরে বিকালে পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় জামায়াত কর্মীদের একটি অংশ দামপাড়ায় পুলিশ লাইনসে সিএমপি সদর দপ্তরে এবং পুলিশ সদস্যদের লক্ষ্য করে ঢিল ছোড়ে। সেই ঢিলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। 

প্রায় একই সময়ে কক্সবাজারের চকরিয়া পৌরসভার লামার চিরিঙ্গা এলাকায় সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে; এসময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু ও পুলিশসহ অন্তত ১৮ জন আহত হন। 

এছাড়া বিকাল ৩টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজা শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হামলায় ওসিসহ ১৫ পুলিশ সদস্য আহত হন।

পুরনো খবর:

সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে গণ্ডগোল, চট্টগ্রামে ৩ মামলা
পেকুয়ায় সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের ওপর হামলা
চকরিয়ায় সাঈদীর গায়েবানা জানাজা থেকে সংঘর্ষ, নিহত ১
চট্টগ্রামে পুলিশের ধাওয়া, সাঈদী সমর্থক জামায়াত কর্মীদের ইট-পাটকেল নিক্ষেপ
শাহবাগে জামায়াতি ‘তাণ্ডব’: সাঈদীর ছেলেসহ আসামি ৫ হাজার
জামায়াতের চরিত্র পাল্টায়নি: পুলিশ কমিশনার