প্রচার ঘিরে ছোটখাটো ঘটনা ঘটতে পারে: নির্বাচন কমিশনার আলমগীর
মো. আলমগীর বলেন, “ছোট আচরণবিধি লঙ্ঘনের জন্য বড় শাস্তি দেওয়া যাবে না, আবার বড় আচণবিধি লঙ্ঘনের জন্য ছোট শাস্তি দেওয়া যাবে না। এটা যথাযথ হতে হবে।”
নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সহিংসতার মধ্যে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, প্রচারকে ঘিরে ‘ছোটখাটো’ কিছু ঘটনা ঘটতে পারে। তার দৃষ্টিতে বাংলাদেশের সব নির্বাচনে ‘এ ধরনের ঘটনা ঘটে থাকে।’
বিএনপির বর্জনে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে দলের নেতা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাত ও সহিংসতার মধ্যে রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করলেন তিনি।
আলমগীর বলেন, “নির্বাচনি ডামাডোলে সবাই ব্যস্ত। প্রচার ঘিরে ছোটখাটো কিছু ঘটনা ঘটতে পারে। বাংলাদেশে সব নির্বাচনে এ ধরনের ‘ঐতিহ্য’ রয়েছে, এটা ব্যতিক্রম না।”
নির্বাচন কমিশন প্রার্থী ও তার সমর্থকদের কারণ দর্শানো নোটিশ ছাড়াও যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে সব জায়গায় ‘কঠিন বার্তা’ যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
আলমগীর বলেন, “বিভাগীয়, জেলা সফরে বলা হয়েছে- পুলিশ ও প্রশাসনকে কঠিন থাকতে হবে।”
প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের মাত্রা দেখে শাস্তি নির্ধারণের কথা জানান তিনি। বলেন, “ছোট আচরণবিধি লঙ্ঘনের জন্য বড় শাস্তি দেওয়া যাবে না, আবার বড় আচণবিধি লঙ্ঘনের জন্য ছোট শাস্তি দেওয়া যাবে না। এটা যথাযথ হতে হবে।”
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোটে প্রচারে নামার পর থেকে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া, মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটছে। মাদারীপুরে ভোটের প্রচারে বের হয়ে হামলার শিকারের পর স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীর মৃত্যুও হয়েছে।
এসব সহিংসতার ঘটনায় ইসি প্রার্থিতা বাতিলের মত কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে আগেরদিন সাংবাদিকদের বলেছিলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। কিছু তথ্য পাওয়ার পর রোববারই কঠোর সিদ্ধান্ত হতে পারে বলেও জানান তিনি।
তবে আলমগীর বলেন, “বিধি লঙ্ঘনের বিষয়ে জড়িতদের ব্যাপারে প্রতিবেদন আসার পর বিচার বিশ্লেষণ করা দেখা হবে। প্রতিবেদনে কী এলো তা দেখে সিদ্ধান্ত হবে।”
প্রার্থিতা বাতিল নিয়ে আনিছুরের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “যিনি বলেছেন তাকেই জিজ্ঞাসা করতে হবে। আমি তো এমন কথা বলতে পারি না। রিপোর্টই তো হাতে আসেনি। রিপোর্ট পেলে আমরা বসব, আলোচনা করব, দেখব।
“তারপরে রিপোর্ট আসার পরই তো একজন প্রার্থীর কথাও শুনতে হবে আইন অনুযায়ী; তাকেও আমাদেরকে ডাকতে হবে, ‘আপনার বিরুদ্ধে এ অভিযোগ আছে আপনার বক্তব্য কী?’ তারপর যাচাই বাছাই করতে হবে।”
‘ঘটনার সঙ্গে সঙ্গে শোকজ ও মামলা হচ্ছে’
নির্বাচনি এলাকায় সহিংসতার সঙ্গে প্রার্থীদের শোকজ ও মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন আলমগীর।
তিনি বলেন, “ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মধ্যে নরসিংদী, জামালপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী এলাকায় এমন তথ্য রয়েছে।
“শোকজ রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার করছে, নির্বাহী বিচারিক হাকিমের কমিটি করছে। ইসির পক্ষ থেকে সরাসরি শোকজ করছি না দুয়েকটা ছাড়া।
“মাঠে শোকজ করার পর জবাব দিচ্ছে, এসব প্রতিবেদন আসছে ইসিতে। কোনো ক্ষেত্রে আর্থিক জরিমানা করা হচ্ছে একাধিকবার, গ্রেপ্তার করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মামলা দিয়ে গ্রেপ্তার করে আদালতেও পাঠানো হয়েছে।”
নিয়মের মধ্যে থেকে ইসি ‘সবই করছে’ জানিয়ে তিনি বলেন, “কমিশন সরাসরি একজনকে ডেকেছে (আমির হোসেন আমু) এবং তিনি এসে জবাব দিয়েছেন। যেভাবে সোশাল মিডিয়ায় আচরণবিধি লঙ্ঘনের প্রকাশ হয়েছে, বাস্তবে তা হয়নি; এডিটিং করে প্রকাশ করা হয়। তবুও পরবর্তীতে আচরণবিধি মানার বিষয়ে সাবধান হবে বলে জানিয়ে গেছেন এ প্রার্থী।”
কুমিল্লা-৬ আসেন নৌকার প্রার্থী সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নির্দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে কুমিল্লার ডিসি ও পুলিশ সুপার কী জানিয়েছেন- এই প্রশ্নে তিনি বলেন, “প্রতিবেদন এলে দেখা যাবে। অনুসন্ধান কমিটি তাকে তিনবার শোকজ দিয়েছে। কী ঘটেছিল সেসব প্রতিবেদনে উঠে আসবে।”
‘বিএনপির ভোট বর্জনের ডাক চ্যালেঞ্জের’
অন্য এক প্রশ্নে বিএনপির ভোট বর্জনের প্রতি ইঙ্গিত করে আলমগীর বলেন, “যদি সবাই আসত (ভোটে), আরও ভালো হত। প্রার্থী বেশি থাকলে স্বাভাবিকভাবে পরিবেশ ব্যালেন্সড থাকে।
“একতরফাও বলা যাবে না। অনেকগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। তারা (বিএনপি) এলে আরও ভালো হত, নির্বাচনটা ব্যালেন্সড হত। সেখানে অনেক বিষয়ে আমরা খুব সহজেই পজিটিভি রেজাল্ট পেতাম।”
নির্বাচনে বর্জনটা ‘বড় চ্যালেঞ্জ’ মন্তব্য করে তিনি বলেন, “তারা (বিএনপি) শুধু নির্বাচনেই আসেনি; বাধা দেওয়ার কার্যক্রম করে যাচ্ছে ঘোষণা দিয়ে। বর্জনের আহ্বান জানাচ্ছে সেটা নিয়ে আমাদের বক্তব্য নেই। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আহ্বান যে কেউ জানাতে পারে। কিন্তু যেগুলো নির্বাচনি আইনে অপরাধ হিসেবে বলা রয়েছে, কাউকে বাধা দেওয়া, ভোটারকে বাধা দেওয়া অথবা ভোটকেন্দ্র করতে বাধা দেওয়া; ভোটের পক্ষের কর্মসূচি বাধা দেওয়া, হুমকি দেওয়া, ভয় দেখানো…এসব তো নির্বাচনি আইন অনুযায়ী অপরাধ।”
বিভিন্ন জায়গায় বাসে আগুন, ট্রেন লাইনের ক্ষতি করার কারণে আইন শৃঙ্খলাবাহিনীকে সেদিকে সময় দিতে হচ্ছে মন্তব্য করে আলমগীর বলেন, “দলটি ভোটে এলে আইন শৃঙ্খলাবাহিনীকে এসবে ব্যস্ত থাকতে হত না।”
