২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২০ ডিসেম্বর সিলেট থেকে আওয়ামী লীগের প্রচার শুরু: কাদের

তিনি বলেন, “বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না, একথা আমরা স্পষ্টভাবে বলতে চাই “

২০ ডিসেম্বর সিলেট থেকে আওয়ামী লীগের প্রচার শুরু: কাদের

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 10:00 PM

Updated : 10 Dec 2023, 10:40 PM

এবারও সিলেটের হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনি প্রচার শুরু করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও তার প্রথম নির্বাচনি জনসভাটি হবে সিলেটে।

নির্বাচন কমিশন থেকে প্রতীক পাওয়ার দুই দিন পর আগামী ২০ ডিসেম্বরের সিলেটে এই সমাবেশ হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের নেতার বক্তব্যে প্রাধান্য পায় মানবাধিকার পরিস্থিতি।

দেশে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে বলে বিএনপি থেকে যে অভিযোগ করা হয়, তার জবাব দিয়ে তিনি বলেন, “বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না, একথা আমরা স্পষ্টভাবে বলতে চাই।

“তাদের কথা বার্তা আচরণ এমন মনে হয়ে যে তারা মানবাধিকারে এদেশে সোল এজেন্ট। বিশ্বের এক মোড়ল আছে, বিশ্ব মোড়লদের সোল এজেন্ট।“

কাদেরের মতে, মানবাধিকারের কথা তুললে প্রথমে বলতে হবে ফিলিস্তিনের কথা।

তিনি বলেন, “মানবাধিকার কীভাবে পদদলিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে! প্রায় ১৮ হাজার ফিলিস্তিনিকে গাজায় হত্যা করা হয়েছে। এর মধ্যে ৮ হাজারই শিশু, আর ৫ হাজারের মতো নারী আছে। প্রতিদিনই চলছে। অথচ আমরা দেখলাম জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের পক্ষে গিয়ে ভেটো দিল একমাত্র যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য অবশ্য অনুপস্থিত ছিল। তারা ভোটে অংশ নেয়নি।”

‘অগ্নি সন্ত্রাসীদের’ দ্রুত বিচার দাবিতে ‘মায়ের কান্না ও অগ্নি-সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক অনুষ্ঠানের অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “আমরা আজকে শিল্পকলা একাডেমিতে নির্যাতিতদের করুণ আর্তনাদ, বেদনার আহজারি প্রত্যক্ষ করেছি।

“সেখানে চোখের পানি সংবরণ করা কঠিন ছিল। পুলিশের উপর অত্যাচার, বাস ড্রাইভার-হেলপারের উপর অত্যাচার, নারীর উপর নির্যাতন। সেই ২১ অগাস্টের হামলার ভিকটিমরা এখনো বেঁচে আছেন, অনেক দুঃখ-কষ্টে তারা দিনাতিপাত করছে।”

১৯৭৫ সালের ১৫ অগাস্টের চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হতে পারে না মন্তব্য করে কাদের বলেন, “এই জঘন্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় পরিবার বিচার পর্যন্ত পায়নি। নেত্রী (শেখ হাসিনা) বলেছিলেন, ‘আমার বাবাকে হত্যা করা হয়েছে আমি বিচার চেয়েও পাইনি।’

“৩ নভেম্বরের (১৯৭৫ সাল) জেল হত্যা। জেলের ভেতরে দেশের মুক্তিযুদ্ধের চারজন সংগঠক, যারা বঙ্গবন্ধুর খুব কাছের, তাদের হত্যা করা হয়েছে। তারপর ২০০১ সালে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আহসানউল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, এম এস কিবরিয়া, নাটোরের মমতাজ, মানিক সাহা, হুমায়ুন কবির বালু, শামসুর রহমান, সিলেটের এম এ আজিজ- এসব হত্যাকাণ্ড জিয়াউর রহমান ও তার দল এবং বেগম জিয়া এবং তার সন্তান সংঘটিত করেছে।”

তিনি বলেন, “জিয়াউর রহমান সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের পথ রুদ্ধ করে বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন। ইনডেমনিটি দিয়েছিল জাতির পিতার খুনিদের। এই খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতা এখানেই প্রমাণ হয়।

“এরপরে বেগম খালেদা জিয়া অপারেশন ক্লিনহার্টের নামে আরেক অবস্থার সৃষ্টি করেছিল। ময়মনসিংহের মতিউর রহমান, শেখ সেলিম, সাবের হোসেন চৌধুরী, মুনতাসীর মামুন, আমাদের খুলনার নেতা মোস্তফা রশিদী সুজা- সবাই আক্রান্ত হয়।”

গুমের সংস্কৃতি জিয়াউর রহমান শুরু করেছিলেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, “ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা মাহফুজ বাবুকে গুম করা হয়েছিল। চট্টগ্রামের মৌলভী সৈয়দকে গুম করে দেশের রাজনীতিতে গুমের নিকৃষ্ট ধারার জন্ম দেন জিয়াউর রহমান। সেই ধারা জিয়াউর রহমানের পর খালেদা জিয়াও অব্যাহত রেখেছিলেন।”

২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা নিয়ে তিনি বলেন, “আমাদের নেত্রী শেখ হাসিনা প্রাইম টার্গেট ছিলেন, আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছেন। ট্রাকের একটি কোণায় গ্রেনেডটি লেগে সেটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি, সে কারণে তিনি বেঁচে গেছেন। তবে রক্তস্রোত ঠিকই বয়ে গেছে, আমাদের এখানে তাদের মধ্যে অনেকেই আছেন। সেদিন আহতদের অনেকেই এখনও হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না।”