২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ষড়যন্ত্র রুখতে ‘সজাগ’ ১৪ দল

বিএনপির বিভিন্ন দাবিরও সমালোচনা করেন জোটের সমন্বয়ক আমির হোসেন আমু।

ষড়যন্ত্র রুখতে ‘সজাগ’ ১৪ দল

ঢাকার সোহরাওয়ার্দী উদ‌্যানে সোমবার ১৪ দলীয় জোটের আলোচনাসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2022, 11:10 PM

Updated : 19 Dec 2022, 11:10 PM

দেশে আর কোনো ষড়যন্ত্র বিস্তার লাভ করতে পারবে না দাবি করে ১৪ দলীয় জোটের নেতারা বলেছেন, সেই ষড়যন্ত্র রুখে দিতেও তারা ‘অঙ্গীকারবদ্ধ ও সজাগ’ রয়েছেন।

সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ‌্যানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের আলোচনাসভায় তারা এসব কথা বলেন।

এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস‌্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর মত বাংলাদেশকে পঙ্গু করার পাঁয়তারা ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে শুরু হয়েছিল। তারা বাংলাদেশের এই বিজয়কে ছিনিয়ে নিয়ে পাকিস্তান সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

পরে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করে দেশে আনার প্রক্রিয়ার কথা জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা তাকে (শেখ হাসিনা) ১৯ বার হত‌্যা করার টার্গেট নিয়েছে, তারপরও তিনি থেমে থাকেনি।

“বঙ্গবন্ধুর মত নির্ভীকভাবে তিনি এই জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম হয়েছেন। হত‌্যা-খুন-ষড়যন্ত্রের মাধ‌্যমে যেখানে ক্ষমতায় বদলের পালা ছিল, আজকে নির্বাচনের মাধ‌্যমে ক্ষমতা পরিবর্তনের ধারা সৃষ্টি হয়েছে। আজকে তাদের সেটা সহ‌্য হয় না।”

ডিসেম্বর মাসে বিএনপির আন্দোলনের সমালোচনা করে আমু বলেন, “বিজয় উৎসব মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন‌্য, মানুষকে বিপথগামী করার জন‌্য তারা অপচেষ্টা করছে।"

এসময় বিএনপির সংবিধান পরিবর্তনে ‘কমিশন’ গঠনের প্রস্তাবের সমালোচনা করে আমু বলেন, "গাত্রদাহ কোথায়? গাত্রদাহ সংবিধানের যে চার মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ, যেটা জিয়াউর রহমান ছুঁড়ে ফেলেছিল; আজকে সেটা পুনঃস্থাপিত হয়েছে। সেটা তাদের গাত্রদাহ।“

তিনি বলেন, “বিগত সময়ে ১৪ দল ঐক‌্যবদ্ধভাবে যেভাবে সমস্ত ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে রাজপথে থেকে, সেভাবে ঐক‌্যবদ্ধভাবে এখনও সব ষড়যন্ত্র রুখে দেবে।

১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ফজ‌লে হো‌সেন বাদশা বলেন, মুক্তিযুদ্ধের প‌ক্ষের শ‌ক্তি এক‌ত্রিত হ‌লে ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, বাংলাদেশ থে‌কে বিতা‌ড়িত হয়ে যাবেন।

এসময় বিএনপি-জামাতের বিরুদ্ধে ঐক‌্যবদ্ধ থাকতে ১৪ দলীয় জোট নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, জাসদের সংসদ সদস্য শিরিন আখতার, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নুর তাপস, সাম‌্যবাদী দলের সাধারণ সম্পাদক দী‌লিপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম‌্যান ‌সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বক্তব‌্য দেন।