২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ‘অবস্থান-গণসংযোগের’ নতুন কর্মসূচি বিএনপির

জনগণ অংশ নিয়ে ‘ভোটের অধিকার বাস্তবায়নে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন,’ আশা দলের মহাসচিবের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2023, 08:10 PM

Updated : 24 Mar 2023, 08:30 PM

সরকার হটানোর ১০ দফা দাবি আদায়ের আন্দোলনে এবার মহানগর থেকে ইউনিয়ন পর্যন্ত ‘অবস্থান-গণসংযোগ ও মতবিনিময়’ কর্মসূচি পালন করবে বিএনপি।

আগামী ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে দেশজুড়ে নতুন কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে ইস্কাটনে লেডিস ক্লাবে এতিম ও ওলামাদের নিয়ে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি রোজায় এ কর্মসূচি নেওয়ার ব্যাখ্যাও দেন।

কর্মসূচি সমূহ হচ্ছে- ১ এপ্রিল সব মহানগর ও জেলায় বেলা ২টা থেকে বিকাল ৪ টা পর্য়ন্ত, ৮ এপ্রিল মহানগরের থানা ও জেলা-উপজেলা পর্যায়ে বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি।

৯ থেকে ১৩ এপ্রিল ইউনিয়ন পর্যায়ে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ১০ দফার প্রচারপত্র, রাষ্ট্র মেরামতের প্রচারপত্র এবং আওয়ামী সরকারের ‘সর্বগ্রাসী দুর্নীতির’ প্রচারপত্র বিলি/মানববন্ধন/অবস্থান কর্মসূচি।

ইউনিয়ন পর্যায়ের এ কর্মসূচি বিভাগ অনুযায়ী হবে- ৯ এপ্রিল রংপুর বিভাগে, ১০ এপ্রিল রাজশাহী ও সিলেট বিভাগে, ১১ এপ্রিল খুলনা ও কুমিল্লা বিভাগে, ১২ এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগে এবং ১৩ এপ্রিল ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে হবে।

এর পাশাপাশি ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশের সব মহানগর-জেলা-উপজেলা-থানা-ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা, দুঃস্থ অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা প্রদানসহ বিভিন্ন গণসংযোগ কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীরা অংশ নেবেন বলে ঘোষণা দেন দলের মহাসচিব।

রোজায় এ কর্মসূচির বিষয়ে ফখরুল বলেন, ‘‘রমজান মাসে আমাদের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথা নয়। কিন্তু আজকে দেশের যে অবস্থা তৈরি হয়েছে, আমরা বাধ্য হয়েছি এই রমজান মাসেও আমাদের সাধারণ মানুষকে এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার যে আন্দোলন, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার যে আন্দোলন, ৩৫ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের যে আন্দোলন, সর্বপরি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন তাকে আমরা চলমান রাখতে চাই সেজন্য আমরা এই কর্মসূচি দিয়েছি।”

তার আশা কর্মসূচিগুলোতে জনসাধারণ অংশ নিয়ে ভোটের অধিকার বাস্তবায়নে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।

এতিম-ওলামা-মাশায়েখদের সন্মানে বিএনপির উদ্যোগে এই ইফতার মাহফিল হয়।

এতে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান ও আবদুস সালাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, জাতীয়তাবাদী উলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক ও সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদার ছিলেন।

পুরনো খবর:

বিএনপির পরবর্তী কর্মসূচি ১৮ মার্চ