নিম্ন আয়ের মানুষের প্রত্যাশা জেনে ইশতেহার দেবে আওয়ামী লীগ
কৃষক, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সমাজের নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাদের প্রত্যাশা জানাতে বলা হয়েছে দলের উপজেলা কমিটিকে।
আগামী জাতীয় নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দেওয়ার আগে তৃণমূলের মানুষের মতামত জানতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। জনগণ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা কী কী চায়, সরকারের কাছে তাদের প্রত্যাশা কী, এসব বিবেচনায় নিয়েই ঘোষণা করা হবে ইশতেহার।
এজন্য দলের উপজেলা কমিটিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
এসব কমিটিকে কৃষক, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সমাজের নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাদের দাবি ও প্রত্যাশার কথা কেন্দ্রকে জানাতে বলা হয়েছে।
ক্ষমতাসীন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, "জেলা, মহানগর, উপজেলা পৌরসভাসহ সকল ইউনিটেa চিঠি দিয়ে ইশতেহার প্রণয়নে তৃণমুলের মতামত চাওয়া হয়েছে।"
আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্য সচিব সেলিম মাহমুদ স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, “ইতোমধ্যে ইশতেহার প্রণয়ন কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমকে অধিকতর ফলপ্রসু ও কার্যকরী করার লক্ষ্যে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের মতামত নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
"এ লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি উপজেলা কমিটি স্ব স্ব উপজেলায় সভা আহ্বান করে কৃষক, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সমাজের নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কাছে তাদের প্রত্যাশা কী এবং এ লক্ষ্যে ইশতেহারে কোন্ কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় বলে তারা মনে করেন, এ সম্পর্কিত প্রতিবেদন আগামী ২ নভেম্বর ২০২৩ এর মধ্যে ইশতেহার প্রণয়ন উপ-কমিটির কাছে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।"
আগামী জানুয়ারিতে ভোটের তারিখ ধরে নির্বাচন কমিশন যে প্রস্তুতি নিয়েছে, তাতে আটঘাট বেঁধেই নামতে যাচ্ছে টানা তিন মেয়াদ ধরে রাষ্ট্র পরিচালনা করা দলটি।
এই নির্বাচনে প্রতিশ্রুতি প্রণয়নে গত ২৮ সেপ্টেম্বর থেকে কাজ শুরু করেছে দলের ইশতেহার প্রণয়ন উপকমিটি।
আওয়ামী লীগ এরই মধ্যে আগামী নির্বাচনে দলের স্লোগান ঠিক করেছে ‘স্মার্ট বাংলাদেশ’।
