২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের স্বস্তি দেখে ফখরুলের মন ভালো নেই: কাদের

“মির্জা ফখরুল একটু যদি ঘুরে আসেন, বাজারে গিয়ে পর্যবেক্ষণ করেন, তাহলেই বুঝতে পারবেন, বাংলাদেশের দ্রব্যমূল্য বর্তমান বিশ্ব সংকটে অসহনীয় কোনো পর্যায়ে যায়নি।”

মানুষের স্বস্তি দেখে ফখরুলের মন ভালো নেই: কাদের

ওবায়দুল কাদের। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 10:47 PM

Updated : 03 Jul 2023, 10:47 PM

দেশের মানুষ স্বস্তিতে আছে দাবি করার পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে টিপ্পনী কাটলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “মানুষ শান্তিতে আছে, আনন্দে আছে …. মানুষ আনন্দ থাকলে বিএনপির কষ্ট হয়, ফখরুল কষ্ট পাচ্ছে। মানুষ স্বস্তিতে আছে, আমি বলব না খুব ভালো আছে। মানুষ স্বস্তিতে আছে, মির্জা ফখরুল ইসলামের জন্য এটা অস্বস্তির কারণ। এজন্য তার মন ভালো নেই।”

আওয়ামী লীগের শাসনে দেশের মানুষ শান্তি নেই বলে বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়ে আসছেন, তার প্রতিক্রিয়ায় সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে একথা বলেন কাদের।

তিনি বলেন, "আমি তাকে (মির্জা ফখরুল) শুধু একটা কথা বলব। সারা বিশ্বের কথা নাইবা বললাম। আশপাশের যে দেশগুলো আছে, মির্জা ফখরুল একটু যদি ঘুরে আসেন, বাজারে গিয়ে পর্যবেক্ষণ করেন, তাহলেই বুঝতে পারবেন, বাংলাদেশের দ্রব্যমূল্য বর্তমান বিশ্ব সংকটে অসহনীয় কোনো পর্যায়ে যায়নি।

“জনগণের সহনীয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার যথাসাধ্য চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মির্জা ফখরুল বাইরের খবর জানেন না, আশেপাশের দেশগুলোতে তাকে ঘুরে আসতে বলি এবং বাজার বাজারে গিয়ে পর্যবেক্ষণ করতে তাকে আমি অনুরোধ করি। তাহলে যদি সত্য কথাটা যদি বলেন।”

দেশের মানুষ সংকটে রয়েছে এবং এর জন্য দায়ী আওয়ামী লীগ- ফখরুলের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন, “এখন রাজনীতির জন্য সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন? আজকে বিশ্বযুদ্ধের কারণে, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা, পাকিস্তানের মতো দেশ, শ্রীলংকার মত দেশ হিমশিম খাচ্ছে। ভারতে দ্রব্যমূল্যের আগের চাইতে অনেক বেশি ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। এটার জন্য বেশিরভাগই দায়ী বিশ্ব অর্থনীতি।”

বাংলাদেশে কোনো সংকট ছিল না দাবি করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, “আমাদের এখানে কোনো সংকট ছিল না। আমাদের এখানে সবকিছু সহনীয় পর্যায়ে ছিল। আনন্দ না থাকলে গতবারের চেয়ে কত বেশি পশু এবার কুরবানি হয়েছে? এটার হিসেব কি ওনার (ফখরুল) কাছে আছে? ৫১ লাখ বেশি কোরবানি হয়েছে।”

ঈদের সময় মানুষের যাতায়াতের চিত্র তুলে ধরে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “এবার পদ্মা সেতুর কথা যদি বলি। পদ্মা সেতুতে আমাদের দিনে টোল আদায় হত ১ কোটি ২০ থেকে ৩০ লাখ। এবারে ঈদের আগের দিন আমাদের পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৫ লক্ষ।

“মানুষ কি আনন্দে বাড়ি গেছে নাকি বিষন্ন চিত্তে বাড়ি গেছে? এর প্রমাণ এখানেই। আজকে বঙ্গবন্ধু সেতু, সেখানেও ৩ কোটি ৫৫ লাখ একদিনে টোল আদায় হয়েছে। এত টাকা টোল কোথা থেকে এল? মানুষই তো দিয়েছে। আজকে পশু কুরবানির চিত্রটা দেখুন। টোল আদায়ের চিত্রটা দেখুন।”