২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথের গানে উদ্বুদ্ধ হয়ে তালা ভেঙেছি: রিজভী

তিনি বলেন, “আমরা রবীন্দ্রনাথের ওই গানে উদ্ধুদ্ধ হয়েছি, ‘বান ভেঙে দাও, বান ভেঙে দাও’।”

রবীন্দ্রনাথের গানে উদ্বুদ্ধ হয়ে তালা ভেঙেছি: রিজভী

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম, মহাসচিব রুহুল কবির রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 04:46 PM

Updated : 14 Jan 2024, 04:46 PM

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুটি গানে উদ্বুদ্ধ হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের তালা ভাঙার কথা জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এই ঘটনাটিকে নিয়ে রসিকতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বিএনপি নেতা বলেছেন, ‘ওনার দিল হ্যায় হিন্দুস্তানি’।

রোববার দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের চারদিন পর রিজভীর নেতৃত্বে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের তালা ভাঙার পর এ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে।

বিএনপির অভিযোগ, গত ২৮ অক্টোবর তাদের দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর এই তালা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঢাকা মহানগর পুলিশ পত্রিকায় বিজ্ঞপ্তি পাঠিয়ে বলেছে, বিএনপি কার্যালয়ের নিরাপত্তাকর্মী সোহাগই ওই তালা ঝুলিয়েছিলেন।  

একই অভিযোগ এদিন আবারও তুলে ধরে রিজভী বলেন, “আপনারা গণমাধ্যমের যারা সাংবাদিকরা রয়েছেন, আপনারা জানেন কীভাবে লাল ফিতা দিয়ে পুলিশ ব্যারিকেড করে রেখেছিল। সেটার পর প্রচণ্ড দমনপীড়নের মধ্য দিয়ে তারা একতরফা নির্বাচন করেছে।”

তালা ভেঙে কার্যালয়ে ঢোকার বিষয়ে তিনি বলেন,“আমরা রবীন্দ্রনাথের ওই গানে উদ্ধুদ্ধ হয়েছি, ‘বান ভেঙে দাও, বান ভেঙে দাও’।

“এই গানের উদ্ধুদ্ধ হয়ে আমরা তালা ভাঙতে এসেছি আর জাতীয় কবি নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট’, এই দুই মহাকবি, বিখ্যাত কবির গান আমাদেরকে উদ্ধুব্ধ করেছে এই স্বৈরাচারি সরকারের তালা ভাঙতে।”

‘প্রধানমন্ত্রীর দিল হ্যায় হিন্দুস্তানি’

টানা চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার দেওয়া বক্তব্য নিয়েও প্রতিক্রিয়া জানান রিজভী।

তিনি বলেন, “তিনি দেশবাসীর সঙ্গে ‘সস্তা রসিকতা’ করছেন। উনি বিএনপির শীর্ষ নেতাদের হুমকি দিচ্ছেন, ফুরফুরে মেজাজি ঢংয়ে ‘পেয়ারা হিন্দুস্তানের’ হিন্দি গান শোনাচ্ছেন, রবীন্দ্র সংগীত শোনাচ্ছেন।

“আমাদের অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশের বিষয়টি নিয়ে এটা বলেছেন যে, ‘এক কামরা ম্যায় বন্ধ হো, চাবি খো গ্যায়া’ । প্রধানমন্ত্রীর হিন্দি গানের প্রতি খুব অনুরাগ। উনার মন তো সব সময় ‘দিল হ্যায় হিন্দুস্তানি’, এই হয়ে আছে। সুতরাং হিন্দুস্তানি গানের কলি সব সময় উনার মুখ দিয়ে বেরিয়ে আসে।

রিজভী বলেন, “উনি একটা রবীন্দ্র সঙ্গীতের কলিও বলেছেন, ‘ভেঙে মোর ঘরের চাবি’, এটা বাউল সুরের একটি গানের কলি। নিঃসন্দেহে একটি ভালো গান, তবে এটা অন্য সময় শোনার গান।”

নির্বাচন শেষে আওয়ামী লীগ ‘কৃত্রিম আনন্দ-ফুর্তিতে মেতে থাকার চেষ্টা করছে’ মন্তব্য করে বিএনপি নেতা বলেন, ক্ষমতাসীনদের প্রতিনিয়ত ক্ষমতার ভয় তাড়া করছে।

“আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে চাই, ডামি নির্বাচনের মাধ্যমে ডামি সরকার গঠন করে আপনারা এখন ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছেন। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে এখন আপনারা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন।”

দ্বাদশ সংসদ নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি দাবি করে তিনি বলেন, “জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা এবং আমাদের উন্নয়নে অংশীদার দেশগুলোও ‘তামাশার নির্বাচন’ বাতিল করে নতুনভাবে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। সহিংসতা ও বিরোধী নেতাকর্মীদের দমনের মধ্য দিয়ে একতরফা নির্বাচন করলেও আন্তর্জাতিক সম্প্রদায় বলছে, এই নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ক্ষুন্ন করা হয়েছে।”

বিএনপি বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞার আশায় আছে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে মন্তব্য করেছেন, তার জবাবে বিএনপির এই বলেন, “আমি ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, বিএনপি নয়, আওয়ামী লীগই বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে।“

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী, খান রবিউল ইসলাম রবি, আমিনুল ইসলাম, তারিকুল ইসলাম তেনজিংও উপস্থিত ছিলেন।