২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরের সজীবের জন্য ঢাকায় বিএনপির শোক মিছিল

শোক মিছিল থেকে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলন আরও জোরাল করার ঘোষণা দেন বিএনপি নেতারা।

লক্ষ্মীপুরের সজীবের জন্য ঢাকায় বিএনপির শোক মিছিল

সজীব হোসেনের জন্য শোক মিছিলে বিএনপির নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2023, 07:26 PM

Updated : 20 Jul 2023, 07:26 PM

পদযাত্রা কর্মসূচি থেকে সহিংসতায় লক্ষ্মীপুরে নিহত কৃষক দল নেতা সজীব হোসেনের জন্য ঢাকায় শোক মিছিল করেছে বিএনপি।

বৃহস্পতিবার এই মিছিল থেকে সজীবকে হত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তাদের ক্ষমতা থেকে হটাতে আন্দোলন আরও জোরাল করার ঘোষণা দেন বিএনপি নেতারা।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে এখন আন্দোলনে রয়েছে বিএনপি।

সেই এক দফার আন্দোলনের পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার সময় মঙ্গলবার লক্ষ্মীপুরে নিহত হন সজীব। ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা তাকে কুপিয়ে হত্যা করে বলে বিএনপির অভিযোগ।

সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধন্যপুর গ্রামের আবু তাহেরের ছেলে সজীব কৃষক দলের চন্দ্রগঞ্জ থানা কমিটির সদস্য ছিলেন।

তার জন্য মঙ্গলবার বিকালে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের করা শোক মিছিল কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ফিরে শেষ হয়।

কর্মসূচি শুরুর আগে এক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেন, “সরকার পদত্যাগের এক দফা আন্দোলনের সজীব রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। এই রক্তদান বৃথা যাবে না।

“সরকারকে বলতে চাই, গুম-খুন-মামলা-হামলা করে আন্দোলন ঠেকানো যাবে না। জনগণের গণআন্দোলনেই এই সরকার অবশ্যই বিদায় হবে।”

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির যৌথ আয়োজনে বের হওয়া এই শোক মিছিলে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু, ইশরাক হোসেন, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, শফিকুল ইসলাম মিল্টন. স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, রাজীব আহসান, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল অংশ নেন।