বিএনপির বিভাগীয় সমাবেশে চূড়ান্ত আন্দোলনের ‘ওয়ার্ম-আপ’: মোশাররফ
এই বিএনপি নেতার প্রত্যাশা, তারা যখন সেই চূড়ান্ত আন্দোলন শুরু করবেন, সাধারণ মানুষও তাতে যোগ দেবে।
দেশের বিভাগগুলোতে বিএনপির চলমান সমাবেশের কর্মসূচিকে তাদের ‘চূড়ান্ত আন্দোলনের ওয়ার্ম-আপ’ হিসেবে বর্ণনা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তারা প্রত্যাশা, বিএনপি যখন সেই চূড়ান্ত আন্দোলন শুরু করবে, সাধারণ মানুষও তাতে যোগ দেবে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন মোশাররফ।
তিনি বলেন, “আমরা তো এই সরকারের পতনের আন্দোলন এখনো শুরু করি নাই। আমি বলতে চাই, সরকারের পতনের আন্দোলনে, এই সরকারের বিদায়ের আন্দোলনে এবং আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে জনগনের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে এদেশের জনগণ প্রস্তুতি নিচ্ছে। তারা ওয়ার্ম-আপ করছে। জনগণ অবশ্যই চূড়ান্ত আন্দোলনে আসবে।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, “আজকে গণতন্ত্র নাই, অর্থনীতি আজকে ধ্বংসের কিনারায়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে, গরীব মানুষ অর্ধাহারে দিন কাটাচ্ছে, মধ্যবিত্ত গরীব হয়ে যাচ্ছে….।
“যারা অর্থনীতিকে লুটপাট করে, অর্থ পাচার করে আজকে দেশের অর্থনীতিকে এই অবস্থায় নিয়ে গেছে, এই ধবংসপ্রাপ্ত অর্থনীতিকে মেরামত করা্ এই সরকারের পক্ষে সম্ভব নয়। যে সরকার দলীয়করণ করে বিচার বিভাগে ধ্বংস করে দিয়েছে, তাদের পক্ষে বিচার বিভাগে নিরপেক্ষতা আনা সম্ভব নয়। সারাদেশের মানুষ এটা উপলব্ধি করে, বিশ্বাস করে যে, এই সরকারের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে।”
বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, “এই দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে বিদায় নিতে হবে। কোনো স্বৈরাচারী সরকার স্বেচ্ছায় বিদায় নেয় নাই। অতীতে ইতিহাস আছে। আজকে জনগণ প্রস্তুত হচ্ছে।
“আমরা যে সমাবেশগুলো করছি, আপনারা দেখছেন, এত বাধা বিপত্তি উপেক্ষা করে সেখানে শুধু বিএনপির নেতা-কর্মীরা আসছে না, সাধারণ জনগণ অংশগ্রহণ করছে। সাধারণ জনগণ আজকে সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।”
বিএনপির বিভাগীয় সমাবেশে ব্যাপক লোকসমাগমে সরকার ‘ভীত হয়ে পড়েছে’ মন্তব্য করে মোশাররফ বলেন, “আমরা যে সমাবেশগুলো করছি– এখনো কিন্তু আমরা মূল দাবিতে আসি নাই। এই সমাবেশগুলো কীসের জন্য? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জ্বালানি তেলের দাম কমানো এবং বিদ্যুতের লোড শেডিংয়ের প্রতিবাদে আমরা সমাবেশ করছি।
“অথচ সমাবেশগুলোতে দেখছেন, এই দেশের সরকার এদেশের জনগণকে কত ভয় পেলে এই সকল শান্তিপূর্ণ সমাবেশে কি পরিমাণ বাধার সৃষ্টি করছে। আওয়ামী লীগ এই আন্দোলনে ভয় পেয়েছে।”
‘হুমকি-ধমকিতে’ আর কোনো কাজ হবে না মন্তব্য করে মোশাররফ বলেন, “সরকারের সময় শেষ। ইনশাল্লাহ পতন আমরাই দেখে যাব, আমাদের জনগণ করবে- সেই প্রত্যাশা আমরা আছে।”
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় এ আলোচনা সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, শিরিন সুলতানাসহ মুক্তিযোদ্ধা দলের নেতৃরা বক্তব্য দেন।
