২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির আন্দোলনে যোগ দিতে আরেক জোটের আত্মপ্রকাশ

রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠান থেকে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

বিএনপির আন্দোলনে যোগ দিতে আরেক জোটের আত্মপ্রকাশ

‘সমমনা গণতান্ত্রিক জোট’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠান হয় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2023, 08:08 PM

Updated : 08 Jan 2023, 08:08 PM

বিএনপির ডাকে ‘সরকার পতনের যুগপৎ আন্দোলনে’ যুক্ত হতে আত্মপ্রকাশ করেছে ১৫ সংগঠনের নতুন মোর্চা– ‘সমমনা গণতান্ত্রিক জোট’।

রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠান থেকে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন এর প্রধান সমন্বয়ক বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান।

তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির ১০ দফা সফল করার লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতে ২৭ দফা বাস্তবায়নে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমরা ১৫টি সংগঠন মিলে ‘সমমনা গণতান্ত্রিক জোট’ ঘোষণা করছি।

“এই কর্তৃত্ববাদী, দখলদার ফ্যাসিবাদী, নিশিরাতের ভোট চোর সরকারের বিরুদ্ধে বিএনপির ডাকা সকল কর্মসূচি যুগপৎভাবে আমরা সমমনা গণতান্ত্রিক জোট পালন করব।”

ইয়ুথ ফোরাম, জিয়া নাগরিক সংসদ, ডেমোক্রেটিক মুভমেন্ট, শহীদ জিয়া আইনজীবী পরিষদ, জাতীয়তাবাদী নাগরিক দল, বাংলাদেশ জাস্টিস পার্টি, সংবিধান সংরক্ষণ পরিষদ. গণতন্ত্র রক্ষা মঞ্চ, জাতীয়তাবাদী চালক দল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ’৭১, ঘুরে দাঁড়াও বাংলাদেশ, মুভমেন্ট ফর ডেমোক্রেসি, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল, দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ রয়েছে নতুন এ জোটে।

পুরনো খবর:

বিএনপির শরিকরা এল ‘১২ দলীয় জোট’ নিয়ে
জোট ভেঙে ‘মুরুব্বি’ হয়ে যুগপৎ আন্দোলনে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান উপস্থিত ছিলেন নতুন জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে।

জিয়া নাগরিক সংসদের মাইনুদ্দিন মজুমদার, ডেমোক্রেটিক মুভমেন্টের আজিজুল হাই সোহাগ, শহীদ জিয়া আইনজীবী পরিষদের আবু ইউসুফ সরকার, জাতীয়তাবাদী নাগরিক দলের পীরজাদা ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিস পার্টির নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদের আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষা মঞ্চের মনোয়ার হোসেন বেগ, জাতীয়তাবাদী চালক দলের মো. শাহজাহান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ’৭১ এর আনসার আলী শিকদার, ঘুরে দাঁড়াও বাংলাদেশ এর খায়রুল হক আবেদ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের বাহাদুর আহমেদ পিন্টু, দেশ রক্ষা মানুষ বাঁচাও আন্দোলনের টিপু সুলতান, যুব ঐক্য পরিষদের ওমর ফারুক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

বিএনপির অন্য শরিকরা এবার হল ‘জাতীয়তাবাদী সমমনা জোট’
জোটের খেলায় বিএনপির ‘খোলস বদল’ দেখছেন হাছান মাহমুদ

‘সরকার পতনের যুগপত আন্দোলন’ জোরদারে ইতোমধ্যে ২০ দলীয় জোট বিলুপ্ত হয়ে ১১ দলীয় জোট এবং ‘সমমনা জাতীয়তাবাদী জোট’ নামে আলাদা দুটি জোট আত্মপ্রকাশ করেছে।

এর আগে বাম ও ডানপন্থি সাত দল নিয়ে গঠিত গণতন্ত্র মঞ্চও বিএনপির সাথে সরকার পতনের আন্দোলনের যুগপৎ কর্মসূচিতে আছে। এছাড়া বাম গণতান্ত্রিক জোট বিএনপির আগামী কর্মসূচিতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।