জোটের খেলায় বিএনপির ‘খোলস বদল’ দেখছেন হাছান মাহমুদ
বিএনপি ও সমমনারা ‘আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে’ তাদের ‘প্রতিহত’ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বিলুপ্তি এবং সেখান থেকে নতুন দুটি জোট গঠন করে যুগপৎ আন্দোলনের ঘোষণাকে সাপের খোলস পাল্টানোর সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেছেন, "সাপ যেমন কিছু দিন পরে পরে চামড়া বদলায়, বিএনপির জোটও কিছু দিন পরে পরে চামড়া বদলায়। কোনো সময় বিশ দল হয়, বারো দল হয়, এখন বলছে ৩৩ দল। ৩৩ দলের মধ্যে ৩০টাকে খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ আছে। কয়েকটি হাতে গোনা দল ছাড়া বাকিগুলো আসলে সাইনবোর্ড সর্বস্ব দল।"
সরকরের পতন ঘটাতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার দুপুরে বিএনপির গণমিছিলের পাল্টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষমতাসীন দলটির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন হাছান।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বিএনপি-জামায়াতের চার দলীয় জোটকে সম্প্রসারিত করে ২০১২ সালের ১৮ এপ্রিল গঠন করা হয় ২০ দলীয় জোট।
সেই জোট ভেঙে সম্প্রতি দুটি জোট আত্মপ্রকাশ করেছে। ‘১২ দলীয় জোট’ এবং ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ নামের নতুন দুই মোর্চাও বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকার যোষণা দিয়েছে।
বিএনপি ও সমমনারা ‘আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে’ তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে হাছান মাহমুদ বলেন, “বিএনপির যে গণ মিছিল, এতে মানুষ আতঙ্কিত। তাদের এই গণ মিছিলের কর্মসূচি সামনে রেখে ঢাকা শহরের মানুষ আতঙ্কিত।
"আমরা সরকারি দল হিসেবে আমাদের দলের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। দেশে যাতে শান্তি শৃঙ্খলা, স্থিতি কেউ বিনষ্ট করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায় এবং তার মিত্ররা… আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব।"
‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদের অবস্থান কর্মসূচিতে’ অংশ নিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, "আন্দোলন সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জান-মালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। এইজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।"
