‘পরিকল্পিত সন্ত্রাস’ দেখছেন রিজভী, দুষছেন সরকারকে
তিনি বলেছেন, সরকারকে হটাতে যে আন্দোলন বিএনপি করছে, ‘মামলা-হামলা-গ্রেপ্তার দিয়ে’ তা থামানো যাবে না।
পুরো দেশকে আতঙ্কে ফেলে দেওয়ার জন্য ‘সরকারি মদদে পরিকল্পিত সন্ত্রাস’ শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, সরকারকে হটাতে যে আন্দোলন বিএনপি করছে, ‘মামলা-হামলা-গ্রেপ্তার দিয়ে’ তা ‘কখনোই থামানো যাবে না’।
বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচির আগে সোমার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।
তিনি বলেন, “গত ২৮ অক্টোবর থেকে প্রতিদিন ক্রমান্বয়ে আওয়ামী পরিকল্পিত সন্ত্রাসের অনেক দৃশ্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে, এর বিভিন্ন ফুটেজ নানাভাবে দেখা যাচ্ছে। সায়েদাদাবাদ থেকে লাঠিসোঁটা নিয়ে পুলিশ প্রটেকশনে প্রধান বিচারপতি বাসভবনের গেইটে আক্রমণ ও ভাঙচুর করতে দেখা যায়।
“দেখুন এটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং যারা হাতে লাঠি নিয়ে প্রধান বিচারপতি বাসভবনের গেইটে ভাঙচুর করছে… এদের সাথেই কিন্তু পুলিশরা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক এগুলো বের হচ্ছে।”
রিজভী বলেন, “আরেক উদ্বেগজনক ঘটনা হচ্ছে যেগুলো না বললেই নয়। মনে হচ্ছে কিছু টার্গেট কিলিং হচ্ছে। আবার সেই পুরনো টার্গেট কিলিং করা হচ্ছে। রাজশাহীতে দুই ডাক্তার একজন এমবিবিএস ডাক্তার, আরেকজন পল্লী চিকিৎসক, দুইজন এক রাত্রিতেই নিহত হয়েছে। তারা একটি রাজনৈতিক সংগঠনের এলাকার নেতা।
“জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা জেলার মোকাম ইউনিয়নের নেতা জাকির হোসেনকে পুলিশ ধাওয়া করে, এই ধাওয়ার মুখে সে পড়ে যায় এবং মৃত্যুবরণ করে। এগুলো সব টার্গেটেড বিষয় বলে আমাদের কাছে মনে হচ্ছে।”
এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, “সারাদেশে বিষয়টা শুরু হয়েছে বলে আমার মনে হচ্ছে। সরকারের পক্ষ থেকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, গোটা জাতিকে আতঙ্কে মানসিকভাবে আঘাতগ্রস্ত করে দেওয়ার জন্য সরকারের একটি ভয়ঙ্কর পরিকল্পানা এই টার্গেট কিলিং।”
গত শনিবার কাকরাইলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশেল সংঘর্ষের পর নয় পল্টনে দলটির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। শান্তিনগর, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এবং দৈনিক বাংলা মোড় এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।
সংঘর্ষের মধ্যে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পুলিশ হাসপাতালে ঢুকে একটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় আরো ডজনখানেক যানবাহন। হামলা করা হয় প্রধান বিচারপতির বাসভবনে।
দৈনিক বাংলা মোড়ে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। সংঘাতে প্রাণ যায় যুবদলের মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ডের নেতা শামীম মোল্লার।
সংঘর্ষের মধ্যে পণ্ড হওয়া সমাবেশ থেকেই রোববার সারাদেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই হরতালেও দেশের বিভিন্ন স্থানে যানবাহন পোড়ানো হয়, সহিংসতায় প্রাণ যায় অন্তত একজনের। ফখরুলসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গল থেকৈ বৃহস্পতি তিন দিন সারা দেশে অবরোধ ডেকেছে বিএনপি। তাদের দীর্ধদিনের মিত্র জামায়াতও একই কর্মসূচি দিয়েছে।
বিএনপির অভিযোগ, সরকার ‘পরিকল্পিতভাবে সংঘাত বাঁধিয়ে’ তাদের সমাবেশ পণ্ড করেছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, বিএনপি তাদের ‘আগুন সন্ত্রাসের পুরনো খেলা’ শুরু করেছে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “আদর্শ ও ন্যায়ের সংগ্রাম কখনো পরাজিত হয় না। চক্রান্তকারী নিষ্ঠুর আওয়ামী সরকারের পতন অত্যাসন্ন। গণতন্ত্রের প্রত্যাবর্তন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান আন্দোলন মামলা-হামলা-গ্রেপ্তার দিয়ে কখনোই থামানো যাবে না।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং শেখ রবিউল আলম রবিসহ ১০ জনকে আদালতে সাজা দেওয়ার নিন্দা জানান রিজভী।
বিএনপিসহ সমমনাদের ঘোষিত সড়ক-রেল-নৌপথ অবরোধ কর্মসূচি সফল করার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামও ভার্চুয়াল এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
