২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে আগুনের ‘খেলা’ জনগণ বুঝে গেছে: সাকি

‘‘জিএম কাদের সাহেবের এক-দুই বছরের বক্তৃতায় মনে হয়েছে উনি বোধহয় জাতীয় পার্টিকে নিয়ে ঘুরে দাঁড়াবেন। মানুষ একটু নতুনভাবে এই দলটিকে দেখা শুরু করেছিল। কিন্তু তিনি পারলেন না।”

ট্রেনে আগুনের ‘খেলা’ জনগণ বুঝে গেছে: সাকি

৭ জানুয়ারির ভোট বর্জনের ডাকে রাজধানীতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ শেষে মিছিলে নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 06:48 PM

Updated : 21 Dec 2023, 06:48 PM

বিএনপি-জামায়াত ও সমমনাদের হরতালের ভোরে ট্রেনে আগুনকে ‘খেলা’ উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের সমাবেশ থেকে বলা হয়েছে, “জনগণ এই খেলা বুঝে গেছে।”

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে মঞ্চের সমন্বয়ক গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “ট্রেনে কারা আগুন দিয়েছে? এই ট্রেন থেকে লাফ দিয়ে একজন বেঁচে গেছেন, সেই যাত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন যে, পোশাক পরা লোকেরা এই কাজটা করেছেন। জনগণও বুঝে গেছে খেলা কী?

“এই সমস্ত নাশকতা যে নানাভাবে সংস্থার লোকদের দিয়ে করানো হচ্ছে এটা আজকে পরিষ্কার।…সরকারকে বলি, এসব নাশকতা তো আগেও করেছেন। এখন এগুলো আর মানুষ বিশ্বাস করে না।”

গত মঙ্গলবার ভোরে নেত্রকোণা থেকে ঢাকা আসার পথে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লেগে নিহত হয় চার জন।

এই ঘটনার পর ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, “এসব তাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত। বিদেশি নেতাদের নির্দেশে তাদের দেশীয় এজেন্টরা এসব কাজ করছে।”

তবে বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “চলমান গণতান্ত্রিক আন্দোলন থেকে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে এটি কূটচাল কিনা, তা নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় দেখা দিয়েছে। এটি সুপরিকল্পিত নাশকতার ঘটনা।”

Image

গত মঙ্গলবার ভোটে নেত্রকোণা থেকে ঢাকায় আসার পথে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনে চার জন নিহত হয়

দুদিন পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, “আমরা অনেকের নাম পেয়েছি, আশা করছি তারা দ্রুতই গ্রেপ্তার হবে। এ ব্যাপারে কাজ চলছে।”

জি এম কাদেরকে নিয়ে ‘হতাশা’ 

নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ভূমিকা নিয়ে হতাশাও প্রকাশ করা হয় গণতন্ত্র মঞ্চের সমাবেশে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থা ঘেরাও করে এবং বিদেশি চাপে নির্বাচনে নিয়ে আসার অভিযোগ করে সাকি বলেন, ‘‘জিএম কাদের সাহেবের এক-দুই বছরের বক্তৃতায় মনে হয়েছে উনি বোধহয় জাতীয় পার্টিকে নিয়ে ঘুরে দাঁড়াবেন। মানুষ একটু নতুনভাবে এই দলটিকে দেখা শুরু করেছিল। কিন্তু তিনি পারলেন না।

‘‘তারপরে বলেছেন, ‘ভিক্ষার সিট নিয়ে’ উনি রাজনীতি করবেন না। অনেকে ভেবেছিলেন, চাপের মুখে উনি হয়ত বেরিয়ে আসতে পারেন। কিন্তু উনি পারলেন না। ২৬টি আসন নিয়ে সরকারি দলের সঙ্গে সমঝোতা করলেন। এই হচ্ছে বাংলাদেশের বিরোধী দল।”

এই সিট ভাগাভাগি ও ‘ভিক্ষার আসন বণ্টনের’ নির্বাচনে মানুষ অংশ নেবে না বলেও মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতা।

‘কোনো দেশপ্রেমিক মানুষ ভোট দিতে পারে না’

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট প্রতিহত করতে জনগণের ঐক্যের আহ্বানও জানান গণতন্ত্র মঞ্চের নেতা।

তিনি বলেন, ‘‘৭ তারিখের ‘তামাশার নির্বাচনে’, ‘ভোটাধিকার হরণ করার নির্বাচনে’ বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষ ভোট দিতে পারে না। বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যতের প্রতি, দেশের নাগরিকদের প্রতি, বর্তমান প্রজন্মের প্রতি যদি সামান্য অঙ্গীকার আমাদের থাকে তাহলে আমরা কেউ এই ভোটকে সহযোগিতা করতে পারি না, এই ভোটকে জায়েজ করতে পারি না।”

সাকি বলেন, “জনগণকে বলি, এই দেশ আমার-আপনার সবার। দেশরক্ষার ডাক এসেছে। কাজেই আপনার আর বসে থাকার সময় নাই।

“ওরা (সরকার) গুলি করতে পারে, ভয় ওরা দেখাতে পারে, কিন্তু গুলি করে সব মানুষকে তারা মারতে পারবে না। পাকিস্তানি সেনাবাহিনী পারে নাই।”

সমাবেশে নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের ইমরান ইমনও বক্তব্য রাখেন।

‘একতরফা’ ভোট বয়কটের দাবিতে এই সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চ মতিঝিল অভিমুখে মিছিল করে।

আরও পড়ুন

পুরনো খবর:

মোহনগঞ্জ এক্সপ্রেসে নাশকতায় জড়িতদের ‘শনাক্ত করেছে’ ডিবি
ট্রেনে আগুন ‘কূটচাল’: বিএনপি
ট্রেনে আগুন: হত্যার অভিযোগে মামলা, আসামি ‘অজ্ঞাত’
বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে নাশকতা, ট্রেনে আগুন: ডিএমপি কমিশনার
সন্তানকে বুকে জড়িয়ে পুড়ে অঙ্গার পপি, মর্গেও একসঙ্গে