পাঠ্যসূচিতে খালেদা জিয়াকে অন্তর্ভুক্তির দাবি বিএনপি এমপির
তার অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ দাবি জানান একরামুল বারী টিপু।
দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য একরামুল বারী টিপু।
সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া নোটিসে তিনি এ দাবি জানান। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
নোটিসে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য একরামুল বারী টিপু বলেন, ১৯৮২ সালে এইচ এম এরশাদ ক্ষমতা নেওয়ার পর দীর্ঘ নয় বছর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন খালেদা জিয়া। পরবর্তী সময়েও গণতন্ত্র বাধাগ্রস্ত হলে তা পুনরুদ্ধারে আন্দোলন করেছেন তিনি।
“১৯৯১ সালের সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে খালেদা জিয়া দেশে সংসদীয় সরকারব্যবস্থা চালু করেন। গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠায়ও তার ভূমিকা ছিল।
খালেদা জিয়ার আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে একরামুল বারী টিপু বলেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। ছয় বছর কারাবাসের পাশাপাশি নির্যাতন সহ্য করেছেন। কারাগারে যথাযথ চিকিৎসা না পেয়েও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা ছিল।”
তিনি বলেন, খালেদা জিয়ার এসব অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
বিগত স্বৈরশাসনের সময়ে বারবার ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ইতিহাসকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার ভূমিকা পাঠ্যসূচিতে রাখার দাবি জানান এই সংসদ সদস্য।
বাতিল বিআরটি প্রকল্পের অনিয়ম তদন্তের দাবি আখতারের
গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাতিল হওয়া বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অনিয়ম তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।
কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রকল্পের ব্যয় বৃদ্ধি, অর্থ ব্যয়, নকশা প্রণয়ন, পরামর্শক নিয়োগ ও ঠিকাদারি কার্যক্রমের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী, আমলা, প্রকল্প কর্মকর্তা, পরামর্শক ও ঠিকাদারদের দায় নির্ধারণের দাবি জানান তিনি।
তদন্তে দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এ সংসদ সদস্য।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত প্রায় ২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্প নেওয়া হয় ২০১২ সালে। যানজট কমিয়ে দ্রুত গণপরিবহন চালুর লক্ষ্যে নেওয়া প্রকল্পটি ২০১৬ সালের মধ্যে শেষ করার কথা ছিল। শুরুতে ব্যয় ধরা হয় প্রায় ২ হাজার ৪০ কোটি টাকা। পরে পাঁচ দফা মেয়াদ বাড়ানোর পাশাপাশি ব্যয় সংশোধন করে প্রকল্পের মোট খরচ দাঁড়ায় প্রায় ৪ হাজার ২৬৮ কোটি টাকা।
প্রকল্পে প্রায় ২ হাজার ৮১১ কোটি টাকা খরচ হলেও নির্ধারিত বিআরটি সেবা চালু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গত ১৮ অক্টোবর সরকার প্রকল্পটি বাতিল করে বিআরটি করিডরকে ছয় লেনের সাধারণ মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নেয়।
