নাটোর স্টেশনে জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি
তিনি ট্রেনে করে দর্শনা সীমান্ত হয়ে ভারত যাওয়ার জন্য প্লাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন এসে নাটোরে ব্যাগসহ ল্যাপটপ ও ক্যামেরার খুইয়েছেন জার্মান এক পর্যটক।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানিয়েছেন ১৮ বছর বয়সি কিরিল।
তিনি বলেন, বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহারে যান তিনি। সেখান থেকে বাংলাবান্ধা ট্রেনে করে নাটোরে পৌঁছান। নাটোর থেকে তিনি অন্য একটি ট্রেনে করে দর্শনা সীমান্ত হয়ে ভারত যাবেন; এজন্য প্লাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।
এ সময় ২০ থেকে ২৫ বছর বয়সি এক তরুণ তার কাছে এসে টিকিট করে দেওয়ার কথা বলেন। কথা বলার এক পর্যায়ে সেই যুবক কিরিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগটি নিয়ে পালিয়ে যান
কিরিল বলেন, পরে তাকে আর খুঁজে পাননি তিনি। এরপর নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে বিস্তারিত জানান।
নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, কিরিলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হবে। চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনার কথা বলেন তিনি।
