আওয়ামী লীগ আর দুই মাস: মান্না
“যেরকম মাছকে ছাই দিয়ে ধরে, ওইরকম করে ধরব, ও (সরকার) নড়াচড়া করতে পারবে না, চলে যেতে হবে।”
আওয়ামী লীগ আর দুই মাস ক্ষমতায় টিকে থাকতে পারবে বলে ভবিষ্যৎ বাণী করলেন নাগরিকে ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বিএনপির সঙ্গে সরকার পতনের আন্দোলনে নামা মান্না রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বক্তব্যে এই ভবিষ্যৎ বাণী করেন।
তিনি বলেন, “তাদের (সরকার) পায়ের তলায় মাটি নেই। এদের পতন হবেই। এটা সময়ের ব্যাপার, অনেক বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে।
“সেই দিন বেশি দূরে নয়, সেই দিনের অপেক্ষা করতে থাকেন। এই মাস তো শেষ হয়ে গেল, সামনের মাসে আলামত দেখবেন। তার সামনের মাসে বিদায়। পরের মাসের মধ্যে আমরা সরকারকে আমাদের চূড়ান্ত বার্তা দিতে পারব।”
দ্বাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসার মধ্যে দুই প্রধান রাজনৈতিক শিবিরে নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধ আবার প্রকট হয়ে উঠছে।
সংবিধান অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে নির্বাচন কমিশনকে। ১ নভেম্বর শুরু হবে সেই নির্বাচনের ক্ষণগণনা।
তবে সেই নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার দাবি তুলেছে বিএনপিসহ তাদের মিত্র দলগুলো, যার মধ্যে নাগরিক ঐক্যও রয়েছে। আওয়ামী লীগ সেই দাবি না মানায় তাদের ক্ষমতা থেকে হটানোর আন্দোলনে নেমেছে।
এই সময়ের মধ্যে সরকারকে ‘চেপে’ ধরার হুঁশিয়ারি দিয়ে মান্না বলেন, “আমরা সব হিসাব করেই ধরব। যেরকম মাছকে ছাই দিয়ে ধরে ওইরকম করে ধরব, ও (সরকার) নড়াচড়া করতে পারবে না, চলে যেতে হবে।”
আওয়ামী লীগ দেশের পাশাপাশি বিদেশেও সমর্থন হারিয়েছে দাবি করে তিনি বলেন, “এই সরকার ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয়ে এখন উল্টা-পাল্টা বকছে। বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, কেউ কথা বলছে না।
“দেশের মধ্যে কোনো লোকজন নাই, বিদেশে কোনো বন্ধু নাই, আমেরিকা নাই, অস্ট্রেলিয়া নাই, কানাডা নাই, জাপান নাই, ইউরোপীয়ানরা নাই… তাহলে থাকল কী?”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাম্প্রতিক এক বক্তব্য ধরে মান্না বলেন, “ওবায়দুল কাদের বলেছেন না, বিএনপি যদি ক্ষমতায় যায় এক রাতের মধ্যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। মানে কী ভাই? নিজেরা নিজেরা পটল তুললেন, নিজেরা নিজেরা হার্টফেল করে মারা যাবেন… ওবায়দুল কাদের সাহেব ব্যাখ্যা দেবেন, কী বোঝাতে চেয়েছেন।
“এখানে বিএনপির ভাইস চেয়ারম্যান আছেন। তাদের যত নেতা আছেন, তারা বিভিন্ন জায়গা বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করবেন না। প্রতিশোধের রাজনীতি না করলে আপনারা (ওবায়দুল কাদের) ভয় পান কেন?”
“আসল কথা কি জানেন? পাপ যে করে তার মনে মধ্যে ভয় থাকে। ও যতই ধান্ধা করুক, যতই চাপা মারুক, সে জানে যে আমি যে পাপ করেছি, অন্যায় করেছি, অতএব তার মধ্যে ভয় আছে,” বলেন তিনি।
সম্পাদক শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে সাজার রায়ের প্রতিবাদে গণতন্ত্র ফোরামের সমাবেশে বক্তব্য রাখেন মান্না। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা আবদুল কালাম আজাদ সিদ্দিকী, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীও সমাবেশে বক্তব্য রাখেন।
