ভোটের আগে প্রচার ছাড়া রাজনৈতিক কর্মসূচি নয়: ইসি
নির্বাচনে এবার ১৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ১৮ দিন প্রচার চলবে।
নির্বাচনের প্রচার শুরুর পর থেকে ভোটের আগে পর্যন্ত যে কোনো দলের সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দিতে বলেছে নির্বাচন কমিশন।
৭ জানুয়ারি অনুষ্ঠেয় ভোটের প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর। পরদিন প্রতীক বরাদ্দের পর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট ১৯ দিন ভোটের প্রচার চালানোর সুযোগ পাবেন প্রার্থীরা।
মঙ্গলবার রাজনৈতিক কর্মসূচিতে এমন বিধিনিষেধ দিয়ে এ সংক্রান্ত ইসির চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
ভোট বর্জন করে এক দফার আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলের হরতাল-অবরোধের মধ্যে এ নির্বাচন হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভোটের প্রচার শুরুর আগে প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে এমন নির্দেশনা দিল ইসি।
এর আগে মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর সমাবেশ করতে চাইলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে অনুমতি দেয়নি ইসি। দলটি পরে তাদের কমর্সূচিতে বদল আনে।
‘নির্বাচনপূর্ব সময়ে রাজনৈতিক দলের কোনো সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকাশ রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি প্রদান না করা প্রসঙ্গে’ শীর্ষক এ চিঠি পাঠিয়েছেন উপসচিব মো. আতিয়ার রহমান।
এতে বলা হয়েছে, “১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পূর্ববর্তী সময় পর্যন্ত নির্বাচনি প্রচার প্রচারণা ব্যতীত নির্বাচনি কাজে বাধা হতে পারে বা ভোটারগণ ভোটপ্রদানে নিরুৎসাহিত হতে পারে এরূপ কোন প্রকার সভা, সমাবেশ বা অন্য কোন প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সকলকে বিরত রাখা বাঞ্চনীয়।”
এ অবস্থায় সব ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন থেকে সবাইকে বিরতে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছে ইসি।
